সময় কলকাতা ডেস্ক, ২২ মে: দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার সহ একাধিক দাবিতে ১২ ঘন্টা বাংলা বনধ সফল করতে সকাল থেকেই তৎপর আদিবাসী সেঙ্গেল অভিযান। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সোমবার ভোর ছ’টা থেকে বনধ পালিত হচ্ছে। বনধের কারণে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে কোন বেসরকারি বাস চলাচল করছে না। এদিকে সরকারি বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকলেও সেভাবে দেখা নেই যাত্রীদের। দুই একটি সরকারি বাস রাস্তায় বের হলেও সেগুলিকে হিলি মোড়ে আটকে দেন আন্দোলনকারীরা। এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর জুড়ে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন বজবজে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর

বেশ কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধের শাস্তিস্বরূপ ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এমনকী বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে বিজেপি বিক্ষোভও শুরু করেছিল। এরপর রাজ্যপালের সঙ্গে দেখাও করেছিলেন বিজেপির একটি প্রতিনিধি দল। তারপরই এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

উল্লেখ্য,বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া। প্রায় এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা। সেই রাস্তায় দণ্ডি কেটে বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফিরলেন। বিজেপিতে যোগদান করার শাস্তিস্বরূপ সারা শহর দণ্ডি কাটতে হয় ৩ আদিবাসী মহিলাকে। বালুরঘাট বিজেপি অফিসের সামনে থেকে তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যোগদান করার ছাড়পত্র পান তিন-চারজন আদিবাসী মহিলা। ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বালুরঘাটবাসী। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা।
আরও পড়ুন এগরার পর বজবজ! বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৩

এরপরই দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার উপস্থিতিতে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিতে যোগদানকারী চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের। তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। মুহূর্তের মধ্যে চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।


More Stories
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড