স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ মে: একটা সময়ে ময়দানের বাঘা বাঘা ফরোওয়ার্ডদের সামলিয়েছিন। তিনি বিপক্ষে থাকলে সমঝে চলতেন দেশের নামজাদা ফুটবলাররাও। কিন্তু এবার প্রতারণা চক্রের ফাঁদে রীতিমত নাস্তানাবুদ হলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য। ভারতীয় ফুটবলের প্রাক্তন ডিফেন্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৭ লক্ষ টাকা। গোটা ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভট্টাচার্য পরিবার।

একটি বেসরকারি ব্যাঙ্কের পার্ক স্ট্রিট শাখায় অ্যাকাউন্ট রয়েছে জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলারের। জানা গিয়েছে, এক চার পাঁচ দিন আগেই তিনি মোবাইলে একটি বার্তা পান। ব্যাঙ্কের পক্ষ থেকে বার্তাতে তাঁকে জানানো হয় টাকা তোলার কথা। কিন্তু তিনি বা তাঁর পরিবারের কেউ টাকা না তোলায় সন্দেহ হয়। তখন তিনি সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করেন।

ব্যাঙ্কে গিয়ে চক্ষু চড়ক গাছ। তিনি জানতে পারেন, বিগত কয়েক মাস ধরে তিনি এই প্রতারণার শিকার হচ্ছেন। সব মিলিয়ে তাঁর ব্যাঙ্ক থেকে হাওয়া হয়ে গিয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা। এরপর ব্যাঙ্কের পরামর্শে প্রথমে পার্ক স্ট্রিট থানা (যেখানে তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট), এবং পরে গল্ফগ্রীন থানায় (যেখানে তাঁর বাসস্থান) অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দুই থানার পুলিশ।

যদিও গোটা ঘটনায় বেশ হতবাক ময়দানের বাবলু দা। কারণ, এখনও তিনি সাধারণ ফোন ব্যবহার করেন। স্মার্ট ফোনে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। শুধু তাই নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও তাঁকে দেখা যায় না। তাই এরকম একজন ব্যক্তি যে সাইবার জালিয়াতদের নজরে থাকতে পারেন, তা কল্পনাও করতে পারেননি সুব্রত ভট্টাচার্য।
আরও পড়ুন গুজরাতির ব্যাটে শেষ গুজরাট জয়, পঞ্চমবারের জন্য ভারতীয় ক্রিকেটের সেরা ধোনি ব্রিগেড
তাঁর দাবি তিনি কাউকে ওটিপি বা ব্যাঙ্কের এটিএম পিন দেন নি। তিনি আরও জানিয়েছেন, খেলোয়াড় জীবন ও পরবর্তী সময় কোচিং করিয়ে যে অর্থ তিনি উপার্জন করেছেন তাই সঞ্চয় করে রাখা ছিল এই ব্যাঙ্কে। সারা জীবনের সঞ্চয় খুইয়ে এখন কপালে হাত এক সময় ময়দান কাঁপানো এই ডিফেন্ডারের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার