Home » একযুগ পর রিয়েল মাদ্রিদ ছাড়লেন বেঞ্জেমা

একযুগ পর রিয়েল মাদ্রিদ ছাড়লেন বেঞ্জেমা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুন: জল্পনায় সিলমোহর। রিয়েল মাদ্রিদ ছাড়লেন করিম বেঞ্জেমা। রবিবার ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “করিমের রিয়েল মাদ্রিদ ক্যারিয়ার পেশাদারিত্ব ও ক্লাবের প্রতি দায়বদ্ধতার প্রকৃষ্ট উদাহরণ। ক্লাবের মূল্যবোধকে তিনি বরাবর অগ্রাধিকার দিয়েছেন। সম্প্রতি করিম নিজের ফুটবল জীবন নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব সেই সিদ্ধান্তকে সন্মান জানায়। এই ক্লাবের সঙ্গে করিমের দীর্ঘদিনের সম্পর্ক অমলিন থাকবে। তাঁর অবদানের জন্য ক্লাব তাঁর প্রতি কৃতজ্ঞ। আগামীর জন্য কিংবদন্তিকে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।”

রবিবার লা লিগায় এই মরশুমের শেষ ম্যাচে মাঠে নামে রিয়েল মাদ্রিদ। প্রতিপক্ষ অ্যাটলেটিকো ক্লাব। রিয়েলের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। আর এই ম্যাচটি ছিল ফরাসি তারকা করিম বেঞ্জেমার রিয়েলের জার্সিতে শেষ ম্যাচ। শেষ ম্যাচে ক্লাব না জিতলেও, নিজে একটি গোল করলেন। এনিয়ে রিয়েলের জার্সিতে ১৪ বছরে খেলেছেন ৪৩৯ টি ম্যাচ। করেছেন ২৩৮ টি গোল। স্পেনের এই ক্লাবের জার্সিতেই জিতেছেন ৪ টি লা লিগা, ৫ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫ টি ক্লাব বিশ্বকাপ – সহ প্রায় সব বড় ট্রফি। গত বছর এই ক্লাবের জার্সিতেই জিতেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি ব্যালন ডি’অর।

আরও পড়ুন   ফুটবলকে আলবিদা জানালেন ‘সুপারম্যান’ জ্লাতান ইব্রাহিমোভিচ

রিয়েল মাদ্রিদে দীর্ঘদিন তাঁকে লড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত তারকার ছায়ার সঙ্গে। তবে এই লড়াই অহংয়ের নয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার। সফল হয়েছেন করিম। ক্রিস্টিয়ানো ক্লাব ছেড়েছেন, ক্লাব ছেড়েছেন গ্যারেথ বেল, ক্লাবের গুরুদায়িত্ব নিজের কাঁধে বহন করেছেন তিনি। তাঁর ছত্রছায়ায় আজ ভিনিসিয়াস রড্রিগোরা পরিণত হয়েছে সুবিশাল মহীরুহে। এবার আগামী প্রজন্মের হাতে ঐতিহ্যশালী ক্লাবের ব্যাটন তুলে দিয়ে, নতুন পথের সন্ধানে রিয়েলের ভালোবাসার কোকো।

About Post Author