Home » মন্দার রাও দেশাই কী ইস্টবেঙ্গলের মন্দা কাটাতে পারবেন ?

মন্দার রাও দেশাই কী ইস্টবেঙ্গলের মন্দা কাটাতে পারবেন ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুন: দলবদলের বাজারে এবার কোমড় বেঁধে নেমেছেন লাল হলুদ কর্তারা। গত তিন মরশুমে যা চোখে পড়েনি। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের বোঝাপড়ার অভাব ছিল এর অন্যতম প্রধান কারণ। তবে এবার আর সেই সমস্যা নেই। তাই এবার দলবদলের বাজারে সেই পুরোনো ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে।জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন লেফট ব্যাক মন্দার রাও দেশাইকে সই করিয়ে চমক দিয়েছে লাল হলুদ। মন্দার রাও যে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাবে আসতে পারেন সেই গুঞ্জন ছিলই। এবার সেই গুঞ্জনেই সরকারি সিলমোহর পড়ল।মন্দার রাও কীভাবে ইস্টবেঙ্গলের প্রয়োজনে লাগতে পারেন, তাঁর অতীত অভিজ্ঞতা কী আর কোচ কার্লেস কুয়াদ্রাত কী বলছেন?

বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ট্যুইট করে খবরটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে লাল হলুদের চুক্তিপত্রে সই করছেন ৩১ বছরের এই গোয়ার ফুটবলার। সেই বার্তায় নতুন শুরুর কথা লেখা ছিল। নতুন অতিথির জন্য উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা।

ইন্ডিয়ান সুপার লিগে গত মরশুমে ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে রক্ষণ। শুরুতে গোল করে এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট করার একাধিক উদাহরণ রয়েছে লাল হলুদের। এবার তাই ভালো মানের দেশী ও বিদেশী ফুটবলার এনে সেই দুর্বলতা ঢাকতে মরিয়া ইস্টবেঙ্গল কর্তারা। মন্দারের ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে কাজ করেছে তাঁর অভিজ্ঞতা। ২০১৩ সালে গোয়ার ডেম্পো থেকে পেশাদার ফুটবলে হাতেখড়ি মন্দারের। ২০১৫-১৬ মরশুমে ডেম্পো জার্সিতে জেতেন দ্বিতীয় ডিভিশন আইলিগ। এরপর ডেম্পো থেকে লোনে এফসি গোয়ায় সই করেন মন্দার। ২০১৪ ও ২০১৫ মরশুমে এফসি গোয়ার জার্সিতে দুরন্ত খেলেন এই সাইড উইংব্যাক। এরপর ২০১৬ সালে এফসি গোয়ায় পাকাপাকিভাবে সই করেন তিনি। গোয়ার জার্সিতেও ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড ও সুপার কাপ জেতেন। ২০২০ পর্যন্ত এফসি গোয়াতে কাটিয়ে মুম্বই সিটি এফসিতে যোগ দেন ২০২০ সালে। মুম্বই সিটির হয়ে ২০২০-২০২১ মরশুমে জেতেন ইন্ডিয়ান সুপার লিগ। সেই দলের দায়িত্বে ছিলেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচ কার্লেস কুয়াদ্রাত । আইএসএল ছাড়াও মুম্বইয়ের জার্সিতে জিতেছেন দুটি শিল্ড। ইন্ডিয়ান সুপার লিগে
খেলেছেন প্রায় শতাধিক ম্যাচ। এছাড়াও ২০১৯ থেকে জাতীয় দলে খেলছেন। জাতীয় দলের জার্সিতে জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ। এবার মুম্বই থেকেই ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবে সই করলেন মন্দার রাও দেশাই।এখন দেখার লাল হলুদ জার্সিতে কতটা ঝলসে ওঠেন মন্দার, ইস্টবেঙ্গলের মন্দা  কাটাতে কতটাই বা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি!

মন্দারের ক্লাব রেকর্ড বলছে তিনি যেই ক্লাবে গিয়েছেন, সেই ক্লাবই সাফল্য পেয়েছে। এবার মন্দারের হাত ধরে ইস্টবেঙ্গলে সুদিন ফেরে কিনা সেদিকেই তাকিয়ে আপামর লাল হলুদ সমর্থকরা।

About Post Author