Home » ‘ঘরের ছেলে ‘ হরমনজ্যোত সিং খাবরা কি সম্ভাব্য ইস্টবেঙ্গল অধিনায়ক?

‘ঘরের ছেলে ‘ হরমনজ্যোত সিং খাবরা কি সম্ভাব্য ইস্টবেঙ্গল অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুন:  মনে পড়ে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই ম্যাচ? ২০১২ সালের যে ম্যাচে ইস্টবেঙ্গল এক গোল এগিয়ে থাকার সময় গ্যালারি উত্তাল হয়। মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান।সেই ম্যাচে হরমনজ্যোত সিং খাবরার গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। মেহরাজউদ্দিন ওয়াদুর ফ্রিকিক থেকে শুয়ে হেড নিয়ে অসামান্য গোল করে যান হরমনজ্যোত সিং খাবরা ( Harmanjot Singh Khabra ) । হরমনজ্যোত সিং খাবরা ইস্টবেঙ্গলের পুরোনো সৈনিক। তাঁকে ঘরের ছেলে মনে করেন লাল হলুদ সমর্থকরা।মাঝে তিনি সাত বছর ছিলেন না।  ঘরে ফিরলেন “ঘরের ছেলে “।

একথা অনস্বীকার্য যে ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল ক্লাবের নামও ইস্টবেঙ্গল। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশজোড়া আট থেকে আশির আবেগ। এই আবেগের টানেই ভারতের প্রথম সারির ফুটবলাররা পাড়ি জমান ।চলে গিয়ে আবার ফিরেও আসেন অনেকে।পাঞ্জাব তনয় হরমনজ্যোত সিং খাবরার কাহিনীটাও অনেকটা সেরকমই যিনি দাঁড়িয়ে রয়েছেন ফুটবল জীবনের পড়ন্ত বেলায়।লাল -হলুদ জার্সি পরে খেলার আবেগ বিগত সাত বছর ধরে ভোলেন নি খাবড়া । ডার্বি খেলার বহু আগে, মরশুম শুরুতেই আজও তাই তিনি ডার্বিতে  বুঝিয়ে দেওয়ার হুঙ্কার ছাড়তে ভোলেন না তিনি।তাঁর আবেগের রং যে লাল হলুদ।

ইস্টবেঙ্গলে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার আগে এই আবেগ ধরা পড়ল হরমনজ্যোত সিং খাবরার গলায়। তিনি বলছেন, “আমার পেশাদার ফুটবল জীবনে এই ক্লাবের অনেক অবদান রয়েছে। ফের ইস্টবেঙ্গলে ফিরে আমি উৎসাহিত বোধ করছি। আমি আত্মবিশ্বাসী সমর্থকদের সামনে নিজের সেরাটা আবার দিতে পারবো।” পাশাপাশি কোচের সঙ্গে তাঁর পুরনো সমীকরণের কথাও উঠে আসে তাঁর কথায়।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতর দাবি, খাবরার অভিজ্ঞতা ইস্টবেঙ্গলকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও বলেন,”এই ক্লাব খাবরার পরিচিত। এই সমর্থকরাও তাঁর পরিচিত। তিনি সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়ও। বেঙ্গালুরুর মত এখানেও তিনি আমার একজন অন্যতম অধিনায়ক হবেন।”

এখন জানা দরকার ,এই “অন্যতম অধিনায়কের” বিষয়টি কি? আগে ক্লাবগুলি একটি মরশুমে একজন অধিনায়ক নির্বাচিত করত। কিন্তু বর্তমানে ক্লাবগুলি একটি মরশুমের জন্য একাধিক অধিনায়ক নির্বাচিত করে। এরফলে কোনো অধিনায়ক চোট বা পারফরম্যান্সের জন্য ডাগআউটে বসলে বাকি অধিনায়করা দলকে নেতৃত্ব দেন। সূত্রের খবর, খাবরা ইস্টবেঙ্গল দলের সেরকমই এক অধিনায়ক হতে চলেছেন। তবে ফুটবল মহলের প্রশ্ন, কলকাতা ময়দানের পোড়খাওয়া ফুটবলার দলকে নেতৃত্ব দিলে দলের অভিজ্ঞতা বাড়বে ঠিকই, কিন্তু তাঁকে কতগুলি ম্যাচে কোচ মাঠে নামাতে পারবেন? কারণ কেরালার হয়ে শেষ দুই মরশুমে হাতে গোনা কয়েকটি ম্যাচে তিনি মাঠে নেমেছেন। এখন ইস্টবেঙ্গলের জার্সিতে পুরো সুস্থ অবস্থায় এই ৩৪ বছরের ফুটবলারকে পাওয়া যায় কিনা সেদিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।তবে হরমনজ্যোত সিং খাবরা নিজের সেরা দিতে প্রস্তুত এবং তিনি জানিয়েছেন ডার্বির জন্য তিনি মুখিয়ে আছেন। এখন দেখার পাঞ্জাব তনয় ময়দানে কতটা ফুল ফোটান সবুজ মাঠে?

About Post Author