সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ বাংলায় আর হিংসার ঘটনা বরদাস্ত নয়। ভোট নিয়ে আর কোনও অশান্তি চলবে না। এমন কোনও ঘটনার কথা কানে এলেই তিনি যথাযথ পদক্ষেপ করবেন। পাশাপাশি সাধারণ মানুষ চাইলে তাঁর গাড়ি দাঁড় করিয়ে অভিযোগের কথা জানতে পারেন। তিনি শুনবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। শুক্রবার রাতে কোচবিহার সার্কিট হাউসে পৌঁছে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি জানিয়ে দিলেন, শনিবারই তিনি ‘অশান্ত’ দিনহাটা এবং বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকায় যাবেন। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে পুলিশ প্রশাসন এবং জেলাশাসকের সঙ্গে কথা বলবেন।

তিনি জানান, সম্পুর্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। হিংসা রুখতে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম।’ তা নিয়ে শাসকদল কটাক্ষ করলেও রাজ্যপাল থামেননি। শুক্রবার তিনি আরও একধাপ এগিয়ে জানিয়েছেন আগেই কলকাতার রাজভবনে ‘পিস রুম’ তৈরি হয়েছে। এখন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাই মানুষ চাইলে তাঁকে সরাসরি ভোট সম্পর্কিত হিংসা, ঝামেলা ইত্যাদির অভিযোগ জানাতে পারেন। তিনি বলেন, ‘‘মানুষ আমাকে চাইলে থামাতে পারেন। আমি গাড়ি দাঁড় করিয়ে তাঁদের কথা শুনব। যেখানে হিংসার ঘটনা ঘটছে, সেখানে নিজে যাব।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ, রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার

প্রসঙ্গত, হাতে গোনা মাত্র আর এক সপ্তাহ বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতি জেলায়। দিনহাটা থেকে মাঝেমধ্যে রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে আসছে। দিনহাটায় ফের তৃণমূল–বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই গুলিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ উঠেছে। জখম আরও ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী। কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, সোমবার রাতে প্রচার করে ফেরার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম বাবু হক বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী বাবু হক প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপ ও গুলি চালায়। পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরো গুরুতর যখন পাঁচ তৃণমূল কর্মী।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের