Home » শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর

শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুনঃ স্ত্রীর মৃত্যুর কারণে শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রের প্যারোলের মেয়াদ বাড়ালেন ১৬ জুলাই পর্যন্ত। তবে, এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে এই সুযোগ তিনি পাবেন। জানা গিয়েছে, কালীঘাটের কাকুর সঙ্গে ২৪ ঘণ্টার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা থাকবে। সেইসঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার ইডি অফিসারও থাকবেন। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য কালীঘাটের কাকুকে যদি বাড়ির বাইরে যেতে হয়, তাহলে তা ৪৮ ঘণ্টা আগে ইডিকে জানাতে হবে। এমনকী বাড়ি থেকে ১০ কিলোমিটারের মধ্যেই যেতে পারবেন তিনি। কখন কী করছেন, কার সঙ্গে কথা হচ্ছে, সবটাই নজরদারিতে থাকবে। এমনকী আধিকারিকদের সঙ্গে রেজিস্টারও রাখতে হবে। পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে কোনওরকম ভিড় করা যাবে না বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের।

গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীঘাটের কাকুর স্ত্রী বাণী ভদ্রর। এরপরই প্রয়াত স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্যারোলে মুক্তি আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ ভদ্র। আদালত জানায়, জেল কর্তৃপক্ষের কোনোরকম অসুবিধা না থাকলে তাঁকে প্যারোলে মুক্তি দিতে কোনও অসুবিধা নেই। পরবর্তীতে প্যারোলে জেল থেকে বেরোনোর অনুমতি পান তিনি। শুক্রবার ফের এই মামলার শুনানি চলাকালীন তাঁর প্যারোলের মেয়াদ বৃদ্ধি করা হয়।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ, রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার


নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর বেহালার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যেদিন এই তল্লাশি চলছিল, সেদিন আবার নিজাম প্যালেসে হাজিরা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটের কাকুর বাড়ি ও অফিস থেকে ইডি বেরিয়েছিল ১৬ ঘণ্টা পর। জানা গিয়েছিল, প্রচুর নথি নাকি নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সেই নথির ভিত্তিতেই কালীঘাটের কাকুকে তলব করেছিল ইডি দফতরে। শেষ পর্যন্ত টানা ১১ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হন তিনি।

আরও পড়ুন   ৬ মাসের এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

সুজয়কৃষ্ণ ভদ্র ছিলেন অভিষেকের অফিসের কর্মচারী। ইডি সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকু একাধিক কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড-এর এএমডি পোস্টে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানিরই ডিরেক্টরস বোর্ডের একটি তালিকায় নাম ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু,লোকসভা ভোটের আগেই এই কোম্পানি থেকে ইস্তফা দেন কালীঘাটের কাকু। প্রাথমিক তদন্তে ইডি-র অনুমান,কালীঘাটের কাকু একাধিক কোম্পানির মাধ্যমে ঘুরপথে কালো টাকা সাদা করত।

About Post Author