Home » ১ বছরের জন্য নির্বাসনে দেবজিত

১ বছরের জন্য নির্বাসনে দেবজিত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অগস্ট: মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য কড়া শাস্তির মুখে প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষ। এক বছরের জন্য ফুটবলের মাঠ থেকে নির্বাসনে পাঠানো হল দেবজিত ঘোষকে। শুধু তাই নয়, ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডারকে। আইএফএ-র তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, জরিমানার টাকা না দিলে তাঁর শাস্তির মেয়াদ বাড়িয়ে দুই বছর করা হবে।

বৃহস্পতিবার বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএর সাম্প্রতিক ইতিহাসে সবথেকে কঠিন সিদ্ধান্তটি নিয়েছে। কলকাতা লিগে এএসওএস রেনবো ইউনাউটেডের টিডির দায়িত্ব সামলাচ্ছিলেন দেবজিত। সেখানেই এই অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাঁকে।

আরও পড়ুন    ডার্বির আগে শহরে ইস্টবেঙ্গলের গোল মেশিন

ঘটনার সূত্রপাত একমাস আগে। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রেনবোর ম্যাচ ছিল পুলিশের বিপক্ষে। দেবজিত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওই ম্যাচে রেফারি রেনবোকে একটি পেনাল্টি না দিলে, তাঁর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। শুধু তাই নয় ওই ম্যাচের রেফারিকে গালাগাল এবং ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কাও দেন ভারতীয় ফুটবলের এই প্রাক্তন ফুটবলার। এই ঘটনায় ফুটবল মহলে নিন্দার ঝড় ওঠে। ওই ম্যাচের ভিডিও ফুটেজ দেখিয়ে দেবজিতের কড়া শাস্তির দাবি জানানো হয়।

ওই ম্যাচের ক্লিপিংস-সহ রিপোর্ট আইএফএ-তে জমা দিয়েছিল কলকাতা রেফারি সংস্থা। এদিন বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দফতরে হাজির হন দেবজিত। নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চান তিনি। তবে রেহাই মেলেনি। কারণ হিসেবে দেখানো হয় একজন প্রশিক্ষকের এরকম ব্যবহার হলে তাঁর ফুটবলাররা কি শিখবেন?

About Post Author