Home » মেসি নয় রোনাল্ডোকে অনুসরণ করে সৌদির পথে নেইমার

মেসি নয় রোনাল্ডোকে অনুসরণ করে সৌদির পথে নেইমার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: জল্পনা চলছিল, এবার জল্পনায় সরকারি সিলমোহর। রোনাল্ডোকে অনুসরণ করেই এবার সৌদি পথে নেইমার জুনিয়র। সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দিলেন। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে প্রায় ১৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে সৌদি লিগের ক্লাবটিকে। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ১৪৫৮ কোটি টাকা। মোট দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দিলেন তিনি। যদিও এই অর্থের মধ্যে নেইমারের প্রাক্তন ক্লাব পিএসজি কত পাবে, তা স্পষ্ট করা হয়নি। ফরাসি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই খবরের কথা জানানো হয়েছে।

মেসির মত নেইমারের প্যারিস সফর স্মরণীয় হয়নি। একদিকে ফ্রেঞ্চ লিগ বা লিগা ওয়ান ছাড়া আর কোনও টুর্নামেন্টে সাফল্য আসেনি। সাফল্য মেলেনি ইউরোপীয় টুর্নামেন্টগুলিতেও। এমবাপে, মেসি, নেইমারের ‘এমেএমন’ জুটি ডাহা ফেল। পাশাপাশি চোটের জন্য নিয়মিত ফুটবল খেলতেও পারেননি তিনি। রেকর্ড অর্থে বার্সেলোনা থেকে নেওয়া ফুটবলারটির ওপর ক্ষোভ বাড়ছিল পিএসজি ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের। এই মরশুমে নতুন ঠিকানায় সন্ধানে ছিলেন নেইমার। নেইমারকে ফের দলে পেতে আগ্রহ দেখায় তাঁর পূর্বের ক্লাব বার্সেলোনা। কিন্তু ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে একেবারেই স্থিতিশীল নয়। যে কারণে বার্সেলোনার আর এক কিংবদন্তি লিওনেল মেসিকেও দলে নিতে পারেননি তাঁরা।

আরও পড়ুন    আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল,দীর্ঘদিন পর দলের সঙ্গে বুমরা

সেই একই কারণ নেইমারের বার্সায় ফেরায় মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুধু বার্সেলোনা নয়, সূত্রের খবর ইউরোপের নামী ক্লাব বায়ার্ন মিউনিখ, রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিও তাঁর অর্থনৈতিক চাহিদার জন্য বিশেষ আগ্রহ দেখায়নি। এই সুযোগকে কাজে লাগায় সৌদির ক্লাব আল-হিলাল। রেকর্ড অর্থের বিনিময়ে এই তারকার সঙ্গে চুক্তিবদ্ধ হয় ক্লাবটি। এই মরশুমে ইউরোপীয় ফুটবলের একঝাঁক তারকা পাড়ি জমিয়েছেন সৌদি লিগে। সেই তালিকায় নব্যতম সংযোজন নেইমার জুনিয়র দা সিলভা। এত তারকার যোগদান সৌদি লিগকে বাণিজ্যিকভাবে যে আরও আকর্ষণীয় করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Post Author