সময় কলকাতা ডেস্ক,২০ আগস্ট : ডুরান্ড কাপে প্রথম ম্যাচ হেরে পরের দু ম্যাচে দারুণ খেলেও বিদায় মহামেডানের। গ্রূপের শেষ ম্যাচে অনবদ্য খেললেন ডেভিড, একাই চার গোল করলেন। তবুও জামশেদপুর এফসি কে হাফ ডজন গোলের মালা পরিয়েও শেষ রক্ষা হল না মহামেডানের।
এবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার অঙ্ক বেশ গোলমেলে।গ্ৰুপ চ্যাম্পিয়ন হলে অসুবিধা নেই কিন্তু দ্বিতীয় দলের কোয়ালিফাই করার ধরণটাই এমন যে দুটি ম্যাচ জিতলেও শেষ আটে যাওয়া নিশ্চিত ছিল না কোনও দলের। ছটি গ্রূপের গ্ৰুপ চ্যাম্পিয়ন দলরাই কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে এমনটাই ফিক্সচার। পরের দুটি দল ছটি গ্রূপের দ্বিতীয় দলগুলির যেকোনও দুটি। আর এরকম গোলমেলে মডেলের কবলে পড়ে ভালো খেলেও কপাল পুড়ল মহামেডানের। ৬-০ গোলে জিতেও কোয়ার্টারফাইনালে এবার ওঠার ছাড়পত্র পেল না সাদা কালো ব্রিগেড।
মহামেডান স্পোর্টিং ক্লাব বি গ্রূপে প্রথম ম্যাচে মুম্বাই এফ সির কাছে ১-৩ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নেভি দলকে ২-১ গোলে হারায়। মুম্বাই গ্ৰুপ চ্যাম্পিয়ন হওয়ায় ও এ গ্রূপের রানার্স মোহনবাগান সুপার জায়েন্টসের স্বপক্ষে গোলের ব্যবধান ৬ থাকায় মহামেডানের পক্ষে সমীকরণ কঠিন হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই রবিবার মহামেডানকে জিততে হত সাত গোলে। প্রতিপক্ষ আইএসএল টিম জামশেদপুর।সেই অসাধ্য সাধন প্রায় সাধন করে ফেলেছিল মহামেডান। তারা গুনে গুনে ৬ গোল দিল জামশেদপুর এফ সিকে। কিন্তু আর একটি গোল না হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়ে গেল এ গ্ৰুপ রানার্স মোহনবাগান। একদিকে যখন জামশেদপুরকে ৬-০ গোলে হারিয়েও ডুরান্ড কাপে ভগ্ন মনোরথ হয়ে ফিরতে হচ্ছে মেহরাজউদ্দিন ওয়াডুর মহামেডানকে, অন্যদিকে গুলি ঘাড়ের কাছ দিয়ে বেরিয়ে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে জুয়ান ফেরান্দোর মোহনবাগান।
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মহামেডান স্পোর্টিং ক্লাবের আধিপত্য ছিল আগাগোড়া। ৬-০ গোলের জয়ের ম্যাচে ডেভিড লালহলানসাঙ্গা পর পর চারটি গোল করলেও ১৩২ তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল বঞ্চিত থাকল মহামেডান। উল্লেখ্য মহামেডানের হয়ে ১০ ও ১৬ মিনিটে প্রথম দুটি গোল করেন এফ. লালরেমসাঙ্গা। এরপরে একাই ডেভিড রাজত্ব করেন। ২২ বছরের ডেভিডের গোলগুলি এসেছে ২৮,৬৯,৮২ ও ৮৯ মিনিটে।।
আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ জয়


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার