স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: চলতি ডুরান্ড কাপের ফাইনালেও কি দেখা যাবে কলকাতা ডার্বি? এমনই আশায় বুক বাঁধছে কলকাতার আপামর ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ইতিমধ্যে ডুরান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার গোয়াকে হারাতে পারলে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে মোহনবাগানও। তাহলে আগামী রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান ক্লাব। প্রায় ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের মুখোমুখি হতে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
আরও পড়ুন ধর্ষণ ও ধর্মান্তরিত করে তালাক দেওয়ার অভিযোগ থানে জেলায়

এর আগে ২০০৪ সালে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের দুই শতাব্দী প্রাচীন ক্লাব। সেবার ২-১ গোলে সবুজ মেরুনকে হারিয়ে শেষ হাসি হেসেছিল লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেছিলেন মাধব দাস ও চন্দন দাস। মোহনবাগানের গোলটি ছিল আত্মঘাতী। সেই বছরই শেষবারের জন্য ডুরান্ড জয়ের স্বাদ পেয়েছিল ইস্টবেঙ্গল। এরপর গঙ্গা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেলেও ঐতিহ্যের ডুরান্ড আর ঘরে তুলতে পারেনি ইস্টবেঙ্গল।

মোহনবাগানও শেষবার এই খেতাব জিতেছিল ২০০০ সালে। ফলে ফাইনালে দুই দলই চায় নিজেদের সেরাটা দিয়ে এই খেতাব ঘরে তুলতে। চলতি ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। প্রথম ম্যাচে যদিও বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যদিও এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁদের। পঞ্জাব এফসি ও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছয় মশাল ব্রিগেড। কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালা ও সেমিফাইনালে নর্থ ইস্টকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মশাল ব্রিগেড।
আরও পড়ুন সেমিফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ইস্টবেঙ্গলের সমর্থকদের বিরুদ্ধে

অপরিদকে, মোহনবাগান গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারলেও বাকি ম্যাচ দুটি জিতে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পায়। কোয়ার্টার ফাইনালে প্রথমবারের জন্য মুম্বই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি গোয়া এফসির। আর এই ম্যাচের বাঁধা অতিক্রম করতে পারলেই ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে জুয়ান ফেরেন্দোর ছেলেরা। গ্রুপ পর্বে খাতায় কলমে এগিয়ে থেকেও ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবে মোহনবাগান? নাকি, আরও একবার মোহনবাগানকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসবে ইস্টবেঙ্গল। উত্তর মিলবে সময়ে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত