Home » মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, জেনে নিন এই বিলের ইতিহাস

মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, জেনে নিন এই বিলের ইতিহাস

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বরঃ সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। এই অধিবেশনে মোট আটটি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনই মহিলা সংরক্ষণ বিল পাশ করার পক্ষে সওয়াল করেছে বিরোধী দলগুলি।  এরপরই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন রাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলা সংরক্ষণ বিলটিকে অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা সংরক্ষণ বিলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৩৩ শতাংশ আসনের মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য উপ-সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। মহিলা সংরক্ষণ বিলে বলা হয়েছে, প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসন পরিবর্তন করা উচিত।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ সেপ্টেম্বর ৮১তম সংশোধনী বিল হিসেবে লোকসভায় প্রথম এই বিলটি পেশ করেছিল এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকার। যদিও পরবর্তীতে লোকসভা ভেঙে যাওয়ার কারণে মহিলা সংরক্ষণ বিলটি বাতিল হয়ে যায়। এরপর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ১৯৯৮ সালে ফের রাজ্যসভায় এই বিলটি পেশ করেন। কিন্তু, বিলটি একই ভাবে পাশ না হওয়ায় ১৯৯৯, ২০০২, ২০০৩ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকার আরও তিনবার সংসদে এই বিলটি পেশ করেন। কিন্তু আসল বিষয় হল যে, কোনবারই সংসদে বিলটি পাশ হয়নি। ফলাফল একই ছিল। এরপর মনমোহন সিং সরকারের সময় ২০০৮ সালের ৬ মে, বিলটি ফের রাজ্যসভায় পেশ করা হয়।

২০১০ সালে রাজ্যসভায় বিলটি পাশও হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে আরজেডি এবং সমাজবাদী পার্টি লোকসভায় এই বিলের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করেছিল। সেসময় তাঁরা মহিলাদের জন্য বর্ণভিত্তিক সংরক্ষণের কথা জানিয়েছিল। কিন্তু ওইসময় লোকসভা ভেঙে যাওয়ার কারণে বিলটি নিয়ে আলোচনাও শেষ হয়ে যায়। বলা ভালো,মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়নে সবেচেয়ে বেশি সক্রিয় ছিল বিজেপি। ২০১৪ এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সময় ইস্তেহার প্রকাশে মহিলা সংরক্ষণ বিল। তবে, নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মাত্র ৭৮ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিল। যা, লোকসভার মোট আসনের ১৫ শতাংশেরও কম।

আরও  পড়ুন    আজ থেকে নতুন ভবনে শুরু সংসদের বিশেষ অধিবেশন, সাংসদদের জন্য থাকছে বিশেষ উপহার

রাজ্যসভায় ২৫০ জন সাংসদের মধ্যে মহিলা সাংসদ আছেন মাত্র ৩২ জন। এর মধ্যে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং ঝড়খণ্ড বিধানসভা তুলনামূলক মহিলা বিধায়কের সংখ্যা অনেক বেশি। যদিও কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, পুদুচেরি, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা ১০ শতাংশের কিছু কম। এদিকে, বিহার, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা ১২ শতাংশের মধ্যে বলে জানা গিয়েছে। তবে, হাজার পরিসংখ্যান থাকা সত্ত্বেও মনে রাখতে হবে ইন্দিরা গান্ধি, জয়ললিতা, সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়- এঁদের চেনার জন্য সংরক্ষণের কোনও প্রয়োজন পরেনি। অথচ রাজনীতির পাতায় তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

About Post Author