Home » রোনাল্ডোর সতীর্থের জোড়া গোল! লড়াই করেও এশিয়াডে স্বপ্নভঙ্গ সুনীলদের

রোনাল্ডোর সতীর্থের জোড়া গোল! লড়াই করেও এশিয়াডে স্বপ্নভঙ্গ সুনীলদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এশিয়াডে লড়াই শেষ ভারতের। শক্তিশালী সৌদি আরবের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় সুনীলদের। এশিয়াডে রাউন্ড অফ সিক্সটিনে সৌদির বিরুদ্ধে ভারত হারল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধের সৌদির হয়ে জোড়া গোল করে নায়ক মহম্মদ খালিল মারান।

লড়াইটা ছিল ৫৭ বনাম ১০২ এর। মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব ফুটবলে গত কয়েক বছরে বেশ কয়েক মাইল এগিয়ে গিয়েছে। সেদেশের ফুটবল লিগে খেলেন রোনাল্ডো, নেইমার, বেঞ্জেমার মত বিশ্ব ফুটবলের মহাতারকারা। তাদের বিরুদ্ধে লড়াই যে কঠিন হবে ম্যাচের আগে তার আঁচ পাওয়া গিয়েছিল। তবু ভারতবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় ইগর স্টিমাচের ছেলদের লড়াই দেখার জন্য টিভির সামনে বসেছিল। ভাঙা দল নিয়েও হতাশ করেনি ভারতের ছেলেরা। ম্যাচের রাশ সৌদির দখলে থাকলেও লড়াইটা চালিয়ে গিয়েছেন সন্দেশ, গুরকিরত, রহিম আলিরা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিল সৌদি। কিন্তু ভারতের জমাট রক্ষণের কাছে দানা বাঁধতে পারেনি সৌদির আক্রমণ। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেললেন সন্দেশ ঝিংগান। কয়েকটি ভালো সেভ করেন গোলরক্ষক ধীরাজ। ভারতও কয়েকবার প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে তবে সফল হয়নি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ০-০।

আরও পড়ুন: “কারুর কাছে উত্তর দিতে বাধ্য নই..” শিল্প ঘোষণা নিয়ে সমালোচনাকে স্ট্রেট ব্যাটে খেললেন সৌরভ

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মধ্য প্রাচ্যের দেশটি। গোলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন খালিল মারান। ডানদিক থেকে মহম্মদ আবু আল সহমতের ক্রস করেন। হেড করে লক্ষ্যভেদ করতে ভুল করেননি সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। ৫৭ মিনিটে এই খালালের গোলেই ম্যাচে ব্যবধান বাড়ায় সৌদি। এরপর সৌদি অনেকগুলি সুযোগ পেলেও ভারতীয় রক্ষণভাগের তৎপরতায় ব্যবধান বাড়াতে পারেনি। এই ম্যাচে হারের ফলে এশিয়াডে যাত্রা শেষ হল ভারতের পুরুষ ফুটবল দলের। মহিলা দলের পর পুরুষ দলও প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেল।

About Post Author