Home » জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: জোড়া নিম্নচাপের দোসর। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা। এদিকে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, পূর্ব মধ্য সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা গোয়া এবং কঙ্কন উপকূলে অবস্থান করেছে। আর এই জোড়া নিম্নচাপের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ একাধিক জেলায় দিনভর বৃষ্টি হবে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে,সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। অবশেষে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেল রাজ্যবাসী।

আরও পড়ুন    দুধওয়া টাইগার রিজার্ভের বাঘ গ্রামের থেকে যুবককে শিকার করল

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ সাধারণত মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনভর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৪ শতাংশ। এদিকে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে শুক্রবার বিকেলের পর থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আরও পড়ুন   ‘অভিষেককে ৩ অক্টোবর জেরা করতেই হবে’, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

পূর্বাভাস বলছে, শনিবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author