Home » ‘জার্ভো ইজ ব্যাক!’ ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে চিপকে ফিরলেন জার্ভো

‘জার্ভো ইজ ব্যাক!’ ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে চিপকে ফিরলেন জার্ভো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবর: বিশ্বকাপের (ICC Cricket World Cup) দামামা বেজে গিয়েছে। রবিবার চিপকে (Cheapuk) মুখোমুখি ভারত (India Cricket Team) ও অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে ক্রিকেটারদের জন্য কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা। কিন্তু সব নিরাপত্তা বাহিনীদের ঘোল খাইয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়লেন এক ক্রিকেট অনুরাগী (Cricket Fan)। পৌঁছে গেলেন সোজা বিরাট কোহলির কাছে। তারপর?

ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ফুটবল হোক বা ক্রিকেট মাঝেমধ্যে দেখা যায় নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে মাঠে ঢুকে পড়েছে দর্শক। সোজা পৌঁছে গিয়েছে নিজেদের প্রিয় তারকার কাছে। অনেক সময় মাঝপথেই নিরাপত্তারক্ষীরা দ্বিতীয় বার বা তৃতীয় বারের প্রচেষ্টায় আটক করে সেই দর্শকদের। খেলোয়াড় এগিয়ে গিয়ে দর্শকের আবদার পূর্ণ করেন এমন দৃশ্যও নতুন নয়। সেই একই দৃশ্য এবার দেখা গেল চেন্নাইয়ের চিপকে। রবিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে যেখানে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে মাঠ ও মাঠ সংলগ্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। তবু ম্যাচ শুরুর আগে মাঠে ঢুকে পড়লেন এক ‘পরিচিত’ দর্শক। ভারতীয় জার্সি পরিহিত দর্শককে চিনতেই পারলেন না নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন:আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান, চেন্নাইয়িনকে হারিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রাখল সবুজ-মেরুন

তিনি ড্যানিয়েল জার্ভিস। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ক্রিকেটপ্রেমীদের কাছে যিনি পরিচিত জার্ভো নামে। এর আগেও খেলা চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়ে নানারকম কান্ডকারখানা ঘটিয়েছেন তিনি। এদিনও পরিচিত ৬৯ নম্বর জার্সি পরে চিপকের মাঠেও ঢুকে পড়েন। পৌঁছে যান বিরাট কোহলির কাছে। ক্যামেরায় দেখা যায় বিরাটকে বেশ বিরক্তির ভঙ্গিমায় তাঁকে কিছু বোঝাচ্ছেন। আসলে এরকম হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে মনোযোগ ঠিক রাখতে হয়। ফলে বোঝা যাচ্ছিল জার্ভোর আবির্ভাব ভালো চোখে নেননি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। যদিও বেশিক্ষণ তাঁকে মাঠে থাকতে দেননি নিরাপত্তাকর্মীরা। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগে ফের কিছুটা ক্যামেরার দৃষ্টি নিজের দিকে টানতে সক্ষম হলেন ভারত ভক্ত ‘জার্ভো’।

About Post Author