Home » জামশেদপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের

জামশেদপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ নভেম্বর: আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়ে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের। যদিও বুধবার ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মেরিনার্সরা। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জুয়ান ফেরান্দোর ছেলেরা। মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন লিস্টন কোলাসো, আর্মান্দো সাদিকু এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল তারা।

চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তবে গত ম্যাচে এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরার বিরুদ্ধে ড্র করেছে কলকাতার এই প্রধান ক্লাব। তবে ইন্ডিয়ান সুপার লিগে ফের স্বমহিমায় পাওয়া গেল সবুজ মেরুন শিবিরকে। যদিও এদিন ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। খেলা শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় গোল হজম করে তাঁরা। গোলরক্ষক বিশাল কাইতের ভুলের মাশুল গুনতে হয় দলকে। রক্ষণভাগের ফুটবলার থাকা সত্ত্বেও বল বাঁচাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন বিশাল। কিন্তু মোহনবাগানের রক্ষণ ভাগের ফুটবলার সেই বল ক্লিয়ার করতে গিয়ে তা বিপক্ষের ফুটবলারের পায়ে তুলে দেন। ফাঁকা গোল পেয়ে সহজেই বল জালে জড়ান মহম্মদ সানান। তার গোলেই এগিয়ে গিয়েছিল ইস্পাত নগরীর ক্লাবটি।

আরও পড়ুন     রেশন দুর্নীতি মামলায় এবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ অভিজিৎ-বালুকে

গোল করে আক্রমণে ধার আরও বাড়ায় জামশেদপুর। ১৪ মিনিটে সানানের শট বারে লেগে বেরিয়ে যায়। এবারও নিজের জায়গায় ছিলেন না বিশাল। পরের মিনিটে ফের গোলের সুযাগ পেয়ে যায় জামশেদপুর। এবারও কোনও মতে পরিস্থিতির সামাল দেন মোহনবাগান রক্ষণভাগের এক ফুটবলার। বিপক্ষের আক্রমণের মধ্যেও দমে যায়নি মোহনবাগান। খেলার ২৯ মিনিটের মাথায় সমতা ফেরায় মোহনবাগান। গোল করেন করেন আর্মান্দো সাদিকু। সাহাল বক্সের মধ্যে থ্রু বাড়ান মনবীর সিংকে। মনবীরের পাস থেকে গোল করেন সাদিকু। ইন্ডিয়ান সুপার লিগে এটি তাঁর প্রথম গোল। প্রথমার্ধের শেষদিকে গোলের সহজ দুটি সুযোগ পেয়েছিল মোহনবাগান। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাগানের আক্রমণভাগের ফুটবলাররা। ফলে প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দর্শনীয় গোল করেন তিনি। নড়াচড়া করার সুযোগ পাননি জামশেদপুরের গোলরক্ষক। খেলার ৬৭ মিনিটে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০ জনে বাকি ম্যাচ খেলতে হয় জামশেদপুরকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোহনবাগান। ৮০ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান ৩-১ করেন কিয়ান নাসিরি। খেলার ৮৬ মিনিটের মাথায় ব্যবধান কমায় জামশেদপুর। পেনাল্টি থেকে গোল করেন স্টিভ আমব্রি। শেষের দিকে মোহনবাগান রক্ষণে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি জামশেদপুর। আগামী ২ ডিসেম্বর আইএসএলে ফের নামবে মোহনবাগান। মাঝে যদিও ২৭ নভেম্বর ওড়িশা এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ রয়েছে সবুজ মেরুনের।

About Post Author