স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বর: মরশুম বদল হলেও, রোগ বদল হচ্ছে না ইস্টবেঙ্গলের। পুরনো রোগে ফের আক্রান্ত ইস্টবেঙ্গল। প্রথমে গোল করে এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। তারপর সমর্থকদের উল্লাসে ইতি টানবে শেষ মুহূর্তে রক্ষণের ভুলে হজম করা গোল। এ যেন ইস্টবেঙ্গলের প্রতিটি ম্যাচের চিত্রনাট্য হয়ে গিয়েছে। শনিবারও চেন্নাইয়িনের বিরুদ্ধে পরিচিত চিত্রনাট্যের ব্যতিক্রম ঘটেনি। প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই রক্ষণের ভুলে আবার ডুবতে হল কার্লেস কুয়াদ্রাতের দলকে। খেলা শেষ হল ১-১ গোলে।

আরও পড়ুন অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত শতরান, বিজয় হাজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধেও জয় বাংলার
বিমান বিভ্রাটের জন্য শুক্রবার অনেক রাতে চেন্নাই পৌঁছয় ইস্টবেঙ্গল। শনিবার মাঠে সেই ক্লান্তির ছাপ দেখা গেল দলের ফুটবলারদের মধ্যে। প্রথার্ধের শুরুতে কিছুটা দাপট দেখা গেল লাল হলুদ ফুটবলারদের মধ্যে। নাওরেম, ক্লেইটনদের পায়েই বল ছিল অনেক বেশি। শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুটি গোলের সুযোগ পেয়ে যায় লাল হলুদ। ৪ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন হরমনজ্যোত খাবরা। পরের মিনিটে গোলের সুযোগ হারান সাউল ক্রেসপো। প্রথম ১০ মিনিটে ইস্টবেঙ্গলের বলের দখল ছিল প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। এই সময়ের মধ্যে যদিও একটি গোলের ভালো সুযোগ পায় চেন্নাইয়িন। ৮ মিনিটের মাথায় অজিতের শট বাঁচিয়ে দেন লাল হলুদ গোলরক্ষক। ১৫ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জর্ডান মারে। ২৯ মিনিটের মাথায় কিছুটা ভাগ্যের জোরে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ প্রান্ত থেকে পি ভি বিষ্ণুর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন আয়ুষ অধিকারী।

কলকাতা লিগে দুরন্ত খেলে কুয়াদ্রাতের নজরে পড়েন বিষ্ণু। এদিন প্রথম একাদশে তাঁকে রাখেন লাল হলুদ কোচ। গোল হজম করে ইস্টবেঙ্গল রক্ষণে পাল্টা চাপ তৈরি করে চেন্নাই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। সময় যত গড়াল ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে থেকে জয়ের খিদেটা যেন হারিয়ে গেল। উল্টে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে চেপে ধরল ওয়েন কয়েলের ছেলেরা। দ্বিতীয়ার্ধে বলের দখল নিজেদের পায়ে বেশি রেখেছিল চেন্নাইয়িন দল। এই সময় ইস্টবেঙ্গলের ফুটবলাররা একাধিকবার বলের দখল হারায়। নিজেদের মধ্যে একাধিক ভুল পাস খেলে তাদের ফুটবলাররা। খেলা যত শেষের দিকে গড়াতে থাকে, তত খেলা থেকে হারাতে শুরু করে ইস্টবেঙ্গল। সেই সুযোগ নিয়ে ৮৬ মিনিটে সমতা ফেরায় চেন্নাইয়িন। ইস্টবেঙ্গলের হোসে পারদোর ভুলে বল পেয়ে যান রাফায়েল ক্রিভেলারো। নিজে সরাসরি শট না মেরে বল বাড়িয়ে দেন নিনথোইয়েকে। অরক্ষিত মণিপুরি ফুটবলার জালে বল জড়াতে ভুল করেননি। দ্বিতীয়ার্ধে আরও অনেকগুলি সহজ সুযোগ পেয়ে যায় চেন্নাইয়িন। তবে ইস্টবেঙ্গলের বিপদ বাড়েনি। চেন্নাই থেকে জেতা ম্যাচ ১ পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছ লাল হলুদ কে।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান