স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বর: বিজয় হাজারে ট্রফিতে ফের জয় পেল বাংলা। রবিবার মুম্বাইয়ের এমসিএ ক্রিকেট মাঠে তারা হারিয়ে দিল গোয়াকে। যেই দলে খেলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। অপরদিকে দলের নির্ভরযোগ্য ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে ছাড়াই মাঠে নামে বাংলা শিবির। ভারতীয় বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে ১০৬ রানে গুটিয়ে যায় গোয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে জয়ের রান তুলে নেন সুদীপ কুমার ঘরামীরা। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ টি জিতে নকআউট পর্বের দিকে নিজেদের কিছুটা এগিয়ে রাখল বাংলা।

মুম্বইয়ের এমসিএ-র মাঠে টসে জিতে প্রথমে গোয়াকে ব্যাট করতে পারেন বাংলার অধিনায়ক সুদীপ। অধিনায়কের সিদ্ধান্তকে স্বীকৃতি দেন বাংলার বোলাররা। প্রথম থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গোয়া। বাংলার দুই পেসার আকাশ দীপ, মহম্মদ কাইফের দাপটে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি গোয়ার টপ ও মিডল অর্ডার। দুজন বোলারই ৩ উইকেট নেন। ১০ ওভারের মধ্যে ৪৬ রানে ৬ উইকেট হারায় পশ্চিমের রাজ্যটি। একটা সময় মনে হচ্ছিল তিন অঙ্কের রান স্পর্শ করতে পারবে না তারা। মিডল অর্ডারে দীপরাজ গাঁওকার কিছুটা লড়াই করেন। তাঁর লড়াকু ৩৪ রানের সুবাদে ২৮.৪ ওভারে ১০৬ রান তোলে গোয়া। তাদের ইনিংস ভাঙার কাজটি করেছিলেন বাংলার দুই পেসার। শেষটি করেন দুই স্পিনার শাহবাজ আহমেদ ও করণ লাল। দুজনে ২ উইকেট করে নেন। রান পাননি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনও। ১০ বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আরও পড়ুন: Premier League 2024: প্রিমিয়ার লিগে ফের মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড
চোটের কারণে বাংলা দলে নেই নির্ভরযোগ্য ওপেনার অভিমন্যু ইশ্বরন। তাই এই ম্যাচে অভিষেক পোড়েলের সঙ্গে ওপেন করেন হাবিব গান্ধি। দুজনে ৫৭ রানের জুটি খেলেন। অভিষেক কুড়ি রানে প্যাভিলিয়নের ফিরলে দলকে এগিয়ে নিয়ে যান হাবিব। ৪৮ রানের মাথায় তিনি আউট হন। তবে এরপর আর বাংলার কোন উইকেট ফেলতে পারিনি গোয়া। অধিনায়ক সুদীপের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন শাহবাজ আহমেদ। সুদীপ ১৫ ও শাহবাজ ২১ রানে অপরাজিত থাকেন। ৭.৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নেন অর্জুন।
এই ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে তিনটিতে জিতে এই গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। তাদের পয়েন্ট ১২। সম সংখ্যক ম্যাচে সম সংখ্যক পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এক ম্যাচ বেশি খেলে ১৬ পেয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রদেশ।


More Stories
দুঃসময় কাটছে না, আবার হারের মুখে পাকিস্তান
জাপানে এশিয়ান গেমসের দামামা
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে