Home » Premier League 2024: প্রিমিয়ার লিগে ফের মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

Premier League 2024: প্রিমিয়ার লিগে ফের মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বর: হারকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। চলতি মরশুমে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচের মধ্যে মোট ছ’টিতে হেরেছে এরিক টেন হ্যাগের দল। যার সর্বশেষ সংযোজন টি হল শনিবার রাতে নিউক্যাসেলের বিরুদ্ধে। সেন্ট জেমস পার্কে ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে হারে ইউনাইটেড। এই হারের ফলে ক্রমশ লিগ শীর্ষে থাকা চার দলের সঙ্গে দূরত্ব বাড়ছে রেড ডেভিলদের।

ঘরের মাঠে শুরু থেকেই প্রাধান্য দেখা গিয়েছিল নিউক্যাসেলের। তুলনায় অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ইউনাইটেড বক্সে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন জোয়েলিংটন, আলমিরন ইসাকরা। খেলার প্রথমদিকে ইউনাইটেড গোলরক্ষক ওনানা অসম্ভব দক্ষতায় দলের অবধারিত পতন রোধ করেন। প্রথমার্ধের বাকি সময়টা মূলত খেলাটি হল হ্যারি মাগুয়েরের সঙ্গে নিউক্যাসেল আক্রমণ ভাগের। মরশুমের শুরুতে যিনি প্রায় এরিক টেন হ্যাগের দলে বাতিলের খাতায় চলে গিয়েছিলেন। এই মরশুমে এখনও পর্যন্ত ছন্দে দেখা যাচ্ছে না ইউনাইটেডের তারকা ফরওয়ার্ড মার্কোস র‍্যাশফোর্ডকে। শনিবারও তার অন্যথা হয়নি। গোটা খেলায় ইউনাইটেড আক্রমণ ভাগ কার্যত নিষ্ক্রিয় হয়ে রইল। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় নিউক্যাসেল ইউনাইটেড। কিরেন ট্রিপিয়ার মাটি ঘেঁষা ক্রস থেকে ম্যাগপাইদের এগিয়ে দেন গর্ডন। প্রথমার্ধে ট্রিপিয়ার একটি ফ্রি কিক বাড়ি লেগে না ফিরলে আরও বিপদে পড়তে পারত ইউনাইটেড।দ্বিতীয়ার্ধের শেষের দিকে অ্যান্টনি ও হুইল্যাণ্ডকে মাঠে নামান ইউনাইটেড কোচ। খেলার একদম শেষে সেই অ্যান্টনি একটি গোল করেন। তবে অফসাইডের জন্য গোলটি বাতিল করেন রেফারি। এরপর আর ম্যাচে সমতা ফেরাতে পারিনি ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: EURO2024: ঘোষিত হল ইউরো কাপ ২০২৪ এর গ্রুপ বিন্যাস, ডেথ গ্রুপে রয়েছে কোন কোন দল?

ম্যাচ শেষে এই হারের সম্পূর্ণ কৃতিত্বই বিপক্ষকে দিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেন, “ প্রতিপক্ষ নিউক্যাসলকে এই হারের কৃতিত্ব দিতে হবে। ওরা যোগ্য দল হিসেবে আমাদের হারিয়েছে। তারা অনেক বেশি সাহসী ও উদ্যমী ফুটবল খেলেছে। আমরা তাদের গোল করার সুযোগ করে দিয়েছি। যদিও শেষের দিকে আমরাও লড়াই করেছি। দুটি সহজ সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু সেই সুযোগগুলিকে ব্যবহার করে পয়েন্ট আদায় করতে পারিনি।” পাশাপাশি দলের তারকা ফুটবলার মার্কোস র‍্যাশফোর্ডের পাশে রয়েছেন বলেও স্পষ্ট করেন ইউনাইটেড হেডস্যার। খারাপ সময় কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন ইউনাইটেডের নাম্বার ১০ আশাবাদী এই ডাচ কোচ।

About Post Author