Home » Paul Pogba: বারবার ডোপ টেস্টে ব্যর্থ, নির্বাসনের খাঁড়া ঝুলছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকার মাথায়

Paul Pogba: বারবার ডোপ টেস্টে ব্যর্থ, নির্বাসনের খাঁড়া ঝুলছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকার মাথায়

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ ডিসেম্বর: ঘোর সঙ্কটে ফরাসী ফুটবলার পল পোগবার ফুটবল ভবিষ্যত। চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বিশ্বকাপ জয়ী তারকা। নিষিদ্ধ ড্রাগ সেবনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ডোপ টেস্টে একাধিকবার ব্যর্থ হয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা। পোগবাকে চার বছরের জন্য নির্বাসনের পক্ষে রায় দিয়েছে ইতালির ডোপ বিরোধী আদালত। সেই আবেদনে সিলমোহর পড়লে বিপাকে পড়তে পারেন জুভেন্টাস ফুটবলার।

বর্তমানে পোগবার ঠিকানা ইতালির তুরিন। ইতালির প্রথম সারির ক্লাব জুভেন্টাসে খেলেন বিগ পল। চোটের কারণে এমনিতেও মাঠে নামতে পারছিলেন না তিনি। চোট সারিয়ে সবে ফিরতে চাইছিলেন নিজের পুরনো ফর্মে। গত ২০ অগস্ট জুভেন্টাসের খেলা ছিল উদিনেসের বিরুদ্ধে। মাঠে না নামলেও দলের রিজার্ভ বেঞ্চে ছিলেন পোগবা। ওই ম্যাচের পর তাঁর ডোপ পরীক্ষার নমুনায় অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায় বলে সূত্রের খবর। তখনই তাঁকে প্রাথমিক নির্বাসনে পাঠানো হয়। গত অক্টোবরে দ্বিতীয়বারের জন্য তাঁর ডোপ টেস্ট হয়। সেবারেও রিপোর্টে নিষিদ্ধ ড্রাগসের নমুনা মেলে। তারপর পোগবার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ইতালির ডোপ বিরোধী আদালত।

আরও পড়ুন: OPTICALILLUSION: মাত্র ১ শতাংশ মানুষ পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

ডোপ টেস্টে দেখা যায় পোগবার রক্তে এক নিষিদ্ধ পদার্থ রয়েছে। শারীরিক কর্ম ক্ষমতা বৃদ্ধিতে যেই পদার্থ ব্যবহার করা হয়। যদিও নিষিদ্ধ ড্রাগস ব্যবহার করার কথা অস্বীকার করেন ফরাসি এই ফুটবলার। দ্বিতীয়বারের জন্য ডোপ টেস্ট এর আবেদন করেন তিনি। এবার তার ফলও পজিটিভ আসায় ঘোর বিপাকে পোগবার ফুটবল ভবিষ্যত। জানা গিয়েছে চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। বর্তমানে ফুটবলারটির বয়স ত্রিশ বছর। চার বছরের জন্য যদি তাকে মাঠের বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে তার ফুটবল জীবন একটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। এখন নিজেকে কি নির্দোষ প্রমাণ করতে পারবেন পোগবা? নাকি নিষিদ্ধ পদার্থ ব্যবহারের জন্য আরো একজন ক্রীড়াবিদের পেশাদার ক্রীড়া জীবন অকালে ঝরে যাবে? উত্তর পেতে এখনো কয়েকটা দিন অপেক্ষা ফুটবল বিশ্বকে।

 

About Post Author