Home » ফ্ল্যাট প্রতারণা মামলায় স্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, পিছিয়ে গেল শুনানির দিন

ফ্ল্যাট প্রতারণা মামলায় স্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, পিছিয়ে গেল শুনানির দিন

 সময় কলকাতা ডেস্ক,  ১১ ডিসেম্বর: ফ্ল্যাট প্রতারণা মামলায় স্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সোমবার ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতের হাজিরার আবেদনের শুনানি হয় আলিপুর জজ কোর্টে। এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর নুসরতকে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, তাঁকে হাজিরা দিতে হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ২২ ডিসেম্বর। নুসরতের আদালত হাজিরা সেদিনই চূড়ান্ত আদেশ দিতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তাই আপাতত স্বস্তিতে নুসরত। সোমবার প্রতারিতদের তরফে আইনজীবী এই মামলায় নুসরতের আদালতে হাজিরা দেওয়ার পক্ষে সওয়াল করেন। পাল্টা সরকারি আইনজীবী আদালতে জানান, নুসরতের রোজ আসার প্রয়োজন নেই। শুধু চার্জ গঠনের দিন উপস্থিত থাকলেই হবে।  
উল্লেখ্য, ২০১৪-১৫ সালে নুসরত ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন। এই সংস্থাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলেও অভিযোগ ওঠে। সূত্রের খবর, প্রথমে ওই ৫০০ জন ব্যাঙ্ক কর্মীকে ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নামে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা তুলেছিল। তাঁদেরকে বলা হয়েছিল গড়িয়াহাট এলাকায় একটি আবাসন তৈরি করে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্কের কর্মীরা ফ্ল্যাট পাননি।
এরপর তাঁদেরকে বলা হয়, গড়িয়াহাটে ওই আয়তনের জমি পাওয়া যাচ্ছেনা। হিডকোতে জমির মাপ বড়ো। সেখানে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু, বছরের পর বছর কেটে গেলেও ফ্ল্যাট আর পাননি তারা। সংস্থার পক্ষ থেকে ক্রমশ টালবাহানা বাড়তে থাকায় ব্যাঙ্ক কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। এরপর অভিযোগকারীরা আলিপুর আদালতে গিয়ে নুসরত সহ সংস্থার বিরুদ্ধে মামলা ফাইল করে। সেই মামলার ভিত্তিতেই গোটা বিষয়টির তদন্তে নেমে  গত ৫ সেপ্টেম্বর নুসরত জাহানকে তলব করে ইডি। তারপরই সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান।

About Post Author