সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত নতুন কিছু নয়। যদিও বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও পড়েন রাজ্যের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার একাধিক শুনানিতে সুপ্রিম কোর্ট আচার্য-রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার পরামর্শ দিয়েছে। এবার উপাচার্য নিয়োগের মামলার খরচ জোগানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফে। রাজ্যের বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে, কেন্দ্রীয়ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। সেখান থেকে টাকা যাবে রাজভবনের কাছে। যদিও বেশ কিছু বিশ্ববিদ্যালয় রাজভবনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, টাকার অভাবে তহবিলে কিছু পাঠাতে পারবে না। ইতিমধ্যেই যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজেদের ফান্ড থেকে ৬০ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছেন।
আরও পড়ুন অপ্রত্যাশিত উপহার পাবেন, মানসিক অবসাদ থেকে মুক্তি! জানুন রাশিফল
প্রসঙ্গত, উপাচার্য-নিয়োগ বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই এর আগে সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন বিশেষ উপহার হিসেবে মুখ্যমমন্ত্রীর হাতে বিশেষ মিষ্টির ডালা তুলে দিয়েছেন রাজ্যপাল বোস। মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আগেই তিনি তা অর্ডার করেছিলেন। কলকাতার নাম করা মিষ্টির দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছিল এই বিশেষ ডালা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আলোচনা করার জন্য এখানে এসেছিলাম। এক ঘণ্টা ধরে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আমরা মনে হয় আজকের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এর বেশি আমি আর বাইরে বলতে পারব না। সব কিছু বাইরে বলা যায় না।’
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ মামলায় কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্যের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপালের কাছে জবাব তলব করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। সিভি আনন্দ বোসকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। এই মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি বিচারপতির উদ্দেশ্যে বলেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীন। কার্যত সেকারণেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, এই মামলায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আর কোনও নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল। এরপর বিচারপতিরা জানিয়ে দেন, যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা নিজেদের বেতন পাবেন, কিন্তু উপাচার্য হিসেবে কোনও বাড়তি সুযোগ-সুবিধা, বাড়তি আর্থিক সুবিধা পাবেন না।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন