সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: ৩৭০ অবলুপ্তি নিয়ে বড়সড় রায় সুপ্রিম কোর্টের। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ ছিল, সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে। নির্বাচনের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সুপ্রিম কোর্টের রায়দানের পর প্রধানমন্ত্রী বলেন, ‘৩৭০ অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্ত বহাল রেখে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ৫ অগাস্ট নেওয়া সরকারের সিদ্ধান্তেই সুপ্রিম কোর্ট সিলমোহর দিল। এই রায় নতুন আশা জাগাল। ভারতীয়রা একতাকেই সব কিছুর ঊর্ধ্বে রাখে।’

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে রায়দান করে বলা হয়, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত বৈধ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তও সঠিক। শীর্ষ আদালতের তরফে বলা হয়, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। জম্মু ও কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ।ভারতের সংবিধানই বৈধ। একইসঙ্গে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে হবে। এর আগে কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। সেই মামলাগুলিকে একসঙ্গে করেই শুনানি হয় সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন উপাচার্য নিয়োগের মামলা চালাতে খরচ দেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, নির্দেশ আচার্য বোসের
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার প্রসঙ্গে আগে থেকেই বহু মতবিরোধ ছিল। সেসময় কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনও আঘাত করা হয়নি। ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছিল। পাকিস্তান জম্মু-কাশ্মীরের একটা বড় অংশ দখল করে রয়েছে। সিনের পর দিন উপত্যকায় অশান্তি ও সন্ত্রাসের পরিবেশের সৃষ্টি হচ্ছিল। কেন্দ্র আগেই সুপ্রিম কোর্ট এবং সংসদে জানিয়েছিল, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা একটি সাময়িক সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। অবশেষে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর