Home » SOUTHAFRICA-INDIA: কাজে এল না রিঙ্কু-সূর্যর অর্ধশতরান, হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের

SOUTHAFRICA-INDIA: কাজে এল না রিঙ্কু-সূর্যর অর্ধশতরান, হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ডিসেম্বর: হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের (India Cricket Team)। বৃষ্টির জন্য টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় খেলায়ও থাবা বসাল বৃষ্টি। তবে খেলা ভেস্তে যায়নি। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রানে করেন সূর্যরা। ইনিংস শেষ করার আগেই বৃষ্টি নামে। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। ঘরের মাঠে সেই রান তাড়া করতে দক্ষিণ আফ্রিকা নিল ১৩.৫ ওভার। ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির ভ্রুকুটি নিয়ে সেন্ট জর্জ ওভালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। অধিনায়কের সিদ্ধান্তে সিলমোহর দিলেন প্রোটিয়া বোলাররা। যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে প্রথম দুই ওভারে ফেরালেন তারা। রানের খাতা না খুলেই ডাগআউটে ফিরলেন ভারতের দুই তরুণ ওপেনার। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বেশ চাপে পড়ে যায় ভারত। দলের প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করেন তিলক বর্মা ও সূর্য কুমার যাদব। তৃতীয় উইকেটে দ্রুত ৪৯ রানের জুটি গড়েন দুজনে। ২০ বলে ২৯ রান করে ফেরেন তিলক। ৪টি চার এবং ১টি ছয় আসে তার ব্যাট থেকে। তিলক ফিরতে আবার চাপ বাড়ে ভারতের উপর। তবে সেই পরিস্থিতিতে দলকে নির্ভরতা দিলেন অধিনায়ক সূর্য ও রিঙ্কু সিং। বিশ্বকাপে তার ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের নিজের ছন্দে পাওয়া গেল সূর্যকে। টি-টোয়েন্টি সিরিজের ভারত অধিনায়ক করলেন ৩৬ বলে ৫৬ রান। মারলেন ৫ টি চার ও ৩ টি ছয়। জেরাল্ড কোয়েৎজের বলে সূর্য ফিরতে দলের রাশ ধরলেন রিঙ্কু। যতক্ষণ সূর্য পিচে ছিলেন ততক্ষণ ঝুঁকি নেননি নাইট রাইডার্স তারকা। চতুর্থ উইকেটে সূর্য-রিঙ্কু জুটিতে করলেন ৭০ রান। ভারতকে লড়াই করার মত জায়গায় পৌঁছে দিলেন তারা। ভারত অধিনায়ক ফিরতে দাপট দেখতে শুরু করেন রিঙ্কু। শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯ টি চার ও ২ টি ছয়ে সাজালেন নিজের ইনিংস। শেষের দিকে রিঙ্কুকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। ১৪ বলে ১৯ রান করেন তিনি। ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রানে থামতে হয় ভারতকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিলেন জেরাল্ড কোয়েৎজে। ১ টি করে উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন, লিজাড উইলিয়ামস, আইডেন মার্করাম ও তাবরেজ শামসি।

আরও পড়ুন: SOURAV GANGULY: ক্রিকেটের উন্নয়নে ত্রিপুরার পাশে বাংলার মহারাজ

জবাবে দ্রুত গতিতে ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২.৫ ওভারের মধ্যে ৪২ রান করে নেয় প্রোটিয়ারা। বড় শট খেলতে গিয়ে দ্রুত ফেরেন ওপেনার ম্যাথু ব্রিটজ। ৭ বলে ১৬ রান করে আউট হন তিনি। এরপর দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন রেজা হেনড্রিকস এবং অধিনায়ক মার্করাম। ভারতের কোনও বোলার তাঁদের সামনে বিশেষ সুবিধে করতে পারছিলেন না। সেই পরিস্থিতিতে প্রোটিয়া অধিনায়ককে ফেরান বাংলার মুকেশ কুমার। ১৭ বলে ৩০ রান করে ফেরেন মার্করাম। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদব ফেরান হেনড্রিকসকে। ২৭ বলে ৪৯ রান করে ফেরেন প্রোটিয়া ওপেনার। ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন তিনি। মারলেন ৮টি চার এবং ১টি ছয়। পরের ওভারে ক্লাসেনকে ফেরান সিরাজ। শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি ডেভিড মিলার। তাকেও ফেরান বাংলার মুকেশ। তখন জয়ের জন্য আয়োজকদের দরকার ছিল মাত্র ১৩ রান। সেই রান তুলতে বিশেষ বেগ পেতে হয়নি তাদের। শেষ পর্যন্ত স্টাবস ১৪ রান এবং আন্দিলে ফেলুকওয়াও ১০ রানে অপরাজিত থাকেন। ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

ভারতের হয়ে সফলতম বোলার মুকেশ কুমার। ৩৪ রান দিয়ে নিলেন ২ টি উইকেট। সিরাজ, কুলদীপ ও অর্শদীপ পেলেন ১ টি করে উইকেট। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দু’দল। সিরিজ হার বাঁচাতে সেই ম্যাচ জিততেই হবে সূর্যদের।

About Post Author