Home » রাজ্যে শুরু শীতের ব্যাটিং, উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

রাজ্যে শুরু শীতের ব্যাটিং, উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি: দক্ষিণ পূর্ব আরব সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের একবার তাপমাত্রার পারদ নিম্নমুখী শহর কলকাতায়। ইতিমধ্যেই তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছিল একাধিক জেলা। উত্তুরে হাওয়ার প্রবেশে রাজ্যের আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন   MOHUN BAGAN SUPER GIANTS: নতুন বছরে মোহনবাগানের ফেরান্দো বিদায়, নতুন কোচ হলেন পুরনো হাবাস

হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৯ শতাংশ। এদিকে, জাঁকিয়ে শীত কবে পড়বে রাজ্যে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে, জানুয়ারির ১০ তারিখ থেকে শীতের ইনিংস শুরু হবে বলেই জানা গিয়েছে । উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।

পূর্বাভাস বলছে,বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। যদিও কলকাতায় তাপমাত্রার হেরফের হচ্ছে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এদিকে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে।

About Post Author