Home » রোনাল্ডোর সামনে বার্সেলোনাকে বিদ্ধ করল রিয়াল মাদ্রিদ

রোনাল্ডোর সামনে বার্সেলোনাকে বিদ্ধ করল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জানুয়ারি: সৌদি আরবে আল নাসেরের ঘরের মাঠ আল আওয়াল স্টেডিয়াম। এই মাঠ এখন ঠিকানা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেই মাঠে বসে নিজের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের জয় দেখলেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৪-১ গোলে বার্সেলোনাকে বিদ্ধ করল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। রিয়ালের হয়ে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। আর একটি গোল করেন রডরিগো। বার্সার হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেভানদস্কি।

ম্যাচের শুরু থেকে দাপট দেখায় রিয়াল। প্রথম দশ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৭ মিনিটের মাথায় জুড বেলিংহামের বাড়ানো বল থেকে গোলের খাতা খোলেন ভিনি। এর ঠিক তিন মিনিট পর ফের গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এবার তাকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন রডরিগো। এই গোলের পর রোনাল্ডোর সিগনেচার ‘সিউ’ সেলিব্রেশন করতে দেখা যায় ভিনিসিয়াসকে। তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন রিয়ালের বহু যুদ্ধের নায়ক রোনাল্ডো। রোনাল্ডো রিয়াল ছাড়ার পর তাঁর ফেলে যাওয়া জার্সির বর্তমান মালিক ভিনি।

আরও পড়ুন      বইমেলা উপলক্ষে স্পেশ্যাল সার্ভিস ইস্ট-ওয়েস্ট মেট্রোর, জেনে নিন সময়সূচি

দু’গোলে পিছিয়ে চাপে পড়ে যায় বার্সেলোনা। তাদের হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেভানদস্কি। ৩৩ মিনিটের মাথায় গোল করেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার। তবে বার্সার উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। গোল হজমের ৬ মিনিটের মধ্যে আবার ব্যবধান বাড়ায় রিয়াল। পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক ও স্কোর ৩-১ করেন ভিনিসিয়াস জুনিয়র। ওখানেই কার্যত খেলার ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেছিল জাভি হার্নান্দেজের ছেলেরা। তবে তাদের সেই আশায় জল ঢালেন রডরিগো। ৬৪ মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি করেন তিনি। ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ফলে বাকি সময় দশজনে খেলতে হয় বার্সাকে। তবে খেলায় আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। এই নিয়ে মোট ১৩ বার স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল লস গ্যালাকটিকোরা। যদিও সংখ্যার বিচারে এই খেতাব বেশি জিতেছে বার্সেলোনা। মোট ১৪ বার এই খেতাব জিতেছে কাতালানরা। তবে এই বছর রিয়েল এই সুপার কাপ জেতায় সেই ব্যবধান আরও কিছুটা কমল।

About Post Author