Home » প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জানুয়ারি: প্রিমিয়ার লিগে ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে ২-২ গোলে শেষ হল রেড ডেভিলদের ম্যাচ। যদিও ম্যাচে দু’বার এগিয়ে গিয়েছিল এরিক টেন হ্যাগের ছেলেরা। তবু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এল ইউনাইটেড। সম সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রইল টটেনহ্যাম। 

আরও পড়ুন  যশস্বী-শিবমের দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় ভারতের

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা কেনার পর, রবিবার গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ। নতুন মালিকের সামনে নিজেদের প্রমাণ করার তাগিদ শুরু থেকে চোখে পড়ল ইউনাইটেড ফুটবলারদের মধ্যে। খেলা শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে ম্যানচেস্টারের লাল শিবিরকে এগিয়ে দেন র‍্যাসমাস হুইল্যান্ড। যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৯ মিনিটের মাথায় গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান রিচার্লিসন। কর্ণার থেকে হেড করে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। যদিও গোল হজম করে দমে যায়নি ইউনাইটেড। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ফের এগিয়ে যায় ইউনাইটেড। হুইল্যান্ডের সঙ্গে এক দুই টাচ খেলে গোল করেন মার্কোস রাশফোর্ড। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান ব্রুনো ফার্নান্দেজরা।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের কাছ থেকে খেলার রাশ নিজেদের দখলে আনে টটেনহ্যাম। বিরতি থেকে ফেরার এক মিনিটের মধ্যে প্রতি আক্রমণ থেকে গোল করে দলকে সমতায় ফেরান রডরিগো বেন্টাঙ্কুর। গোল শোধ করে উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন স্পার্শ ফুটবলাররা। তবে ইউনাইটেড রক্ষণ সজাগ থাকায় বিপদ বাড়েনি আয়োজকদের। চোট সারিয়ে এই ম্যাচে প্রত্যাবর্তন করেন লিসান্দ্রো মার্টিনেজ।

এই ম্যাচে ২ পয়েন্ট নষ্ট করায় প্রিমিয়ার লিগের প্রথম চারে থাকার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে এরিক টেন হ্যাগের দল। তবে এই ম্যাচের পর দীর্ঘ কয়েকটি দিন বিরতি পাবেন ইউনাইটেড ফুটবলাররা। আগামী ২৮ জানুয়ারি এফএ কাপের ম্যাচে মাঠে নামবেন ব্রুনোরা। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি উলভসের বিরুদ্ধে। অন্যদিকে টটেনহ্যাম পরের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

About Post Author