Home » COPA DEL REY: টানা ২১ ম্যাচ জয়ের পর রিয়াল মাদ্রিদের বিজয় রথ থামালো অ্যাটলেটিকো মাদ্রিদ

COPA DEL REY: টানা ২১ ম্যাচ জয়ের পর রিয়াল মাদ্রিদের বিজয় রথ থামালো অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জানুয়ারি: রিয়াল মাদ্রিদের বিজয় রথ থামালো অ্যাটলেটিকো মাদ্রিদ। কোপা দেল রে-তে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। চলতি মাসে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে লড়াই করেও হারতে হয়েছিল অ্যাটলেটিকোকে। ৮ দিনের ব্যবধানে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন আন্তোনিও গ্রিজম্যানরা। ৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে তাঁরা জিতলেন ৪-২ ব্যবধানে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসরাই পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

বৃহস্পতিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। যদিও দু’বারই প্রথমে পিছিয়ে পড়েছিলেন কার্লো আন্সেলোত্তির ছেলেরা। ৩৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে গোলের খাতা খোলে অ্যাটলেটিকো। গোলদাতা উইঙ্গার স্যামুয়েল লেনো। গোল হজমের ক্ষেত্রে কিছুটা ভুল করে বসেছিলেন রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন বিপক্ষের পায়ে। গোল করতে ভুল করেননি লেনো। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে রিয়াল। লুকা মদরিচের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে বল নিজের জালেই জড়ান অ্যাটলেটিকোর গোলরক্ষক ওবলাক। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার ভুল পাস ধরে গোল করেন রিয়ালের প্রাক্তন ফুটবলার আলভারো মোরাতা। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে ফের খেলায় সমতা ফেরায় রিয়াল। জুড বেলিংহামের ক্রস থেকে গোল করেন হোসেলু। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২।

 

আরও পড়ুন: OLYMPIC QUALIFIERS: সাডেন ডেথে জার্মানির বিরুদ্ধে হার ভারতের, হতাশ ধোনি

অতিরিক্ত সময়ে গ্রিজমানের গোলে ম্যাচে তৃতীয়বারের জন্য এগিয়ে যায় অ্যাটলেটিকো। প্রায় মাঝমাঠ থেকে একক দক্ষতায় দৌড়ে বক্সে ঢুকে গোল করেন ফরাসী তারকা ফুটবলার। খেলার অন্তিম বাঁশি বাজার ১ মিনিট আগে রিকেলমের গোলে ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নেয় দিয়েগো সিমিওনের ছেলেরা। এদিন মাঠে নামার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। সেই বিজয়রথ থামালো মাদ্রিদের আর একটি দল। এই মরশুমে কার্লো আনচেলত্তির দল মাত্র দুটি ম্যাচ হেরেছে। দুটিই অ্যাটলেটিকোর বিপক্ষে তাঁদেরই মাঠে।

About Post Author