Home » OLYMPIC QUALIFIERS: সাডেন ডেথে জার্মানির বিরুদ্ধে হার ভারতের, হতাশ ধোনি

OLYMPIC QUALIFIERS: সাডেন ডেথে জার্মানির বিরুদ্ধে হার ভারতের, হতাশ ধোনি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জানুয়ারি: জার্মানিকে হারালেই প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে পারত ভারতীয় মহিলা হকি দল। শুরুটা আশা জাগিয়ে করলেও শেষ রক্ষা হল না। বিশ্ব হকি সংস্থা আয়োজিত অলিম্পিকের যোগ্যতা পর্বের সেমিফাইনালে হেরে গেলেন সবিতা পুনিয়াদের। জার্মানির বিরুদ্ধে সাডেন ডেথে হারতে হল ভারতকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও খেলার ফয়সলা না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সাডেন ডেথে। ভারতের মেয়েদের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সবিতা পুনিয়ারা। ফলও মেলে। প্রথম কোয়ার্টারের শেষ পর্বে এগিয়ে গিয়েছিল ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দীপিকা। পরের কোয়ার্টারে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। তৃতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে খেলার নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে গোল করে এগিয়ে যায় জার্মানরা। ওই সময় অনেক সমর্থকই ভেবেছিলেন ম্যাচ জার্মানি জিতে নিয়েছে। কিন্তু নাটকীয়ভাবে খেলার শেষ লগ্নে ম্যাচে ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান ভারতের ইশাকা।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে  প্রথমে ভারত এগিয়ে যায় ২-১ গোলে। যদিও  ৩-৩ করে ফেলে জার্মানি। দুই দলের পাঁচটি করে টাই ব্রেকারের শেষে খেলার ফল ছিল ৩-৩। খেলা গড়ায় সাডেন ডেথে। প্রথম সুযোগে দুই দলের কোনও খেলোয়াড়ই গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগেও গোল করতে পারেনি ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করে দলকে জয় এনে দেন জার্মানির লিজা।

আরও পড়ুন: AFC ASIAN CUP: রক্ষণের ভুলে উজবেকিস্তানের বিরুদ্ধেও হার সুনীলদের

এই জয়ের ফলে ফাইনালের পাশাপাশি অলিম্পিকেও নিজেদের জায়গা পাকা করে ফেলে জার্মানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আমেরিকা। তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং জাপান। সেই দুই দলের মধ্যে যে জিতবে, তারা পেয়ে যাবে প্যারিসের টিকিট।

About Post Author