Home » RANJI TROPHY: ব্যর্থ মনোজ, ইডেনে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ব্যাকফুটে বাংলা

RANJI TROPHY: ব্যর্থ মনোজ, ইডেনে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ব্যাকফুটে বাংলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জানুয়ারি: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ব্যাটিং বিপর্যয় বাংলার। ইডেনে ছত্তীসগঢ়ের (Chhattisgarh Cricket Team) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২০৬ রান তুললেন মনোজরা। ফল আরও খারাপ হতে পারত। একা বাংলাকে (Bengal Cricket Team) লড়াইয়ে টিকিয়ে রাখলেন অনুষ্টুপ মজুমদার। ৫৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। তবে ব্যাট হাতে এদিন ব্যর্থ মনোজ। যদিও এদিন খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের অনেক আগে খেলা শেষ করতে হয়।

দিনের শুরুতে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান ছত্তীসগঢ়ের অধিনায়ক অমনদীপ খারে। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তাদের বোলাররা। শীতের ইডেনে শুরু থেকে পিচের সাহায্য পেলেন পেসারেরা। চলতি রঞ্জিতে অভিষেক হয়েছে বাংলার দুই ওপেনার সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষের। প্রথম ম্যাচে সৌরভ রান পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দলকে টানেন শ্রেয়াংশ। কিন্তু তৃতীয় ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে দুজনেই ব্যর্থ ব্যাট হাতে। সৌরভ ফিরলেন মাত্র ১২ রানে। শ্রেয়াংশের অবদান ২২ রান। ওই রান তুলতে তিনি নিলেন ১১১ টি বল। তিন নম্বরে নেমে শুরুটা ভালো করেন সুদীপ কুমার ঘরামি। তবে অর্ধশতরান থেকে ১ রান আগে থামতে হয় তাকে। বড় রান করতে ব্যর্থ মনোজও। ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাংলার অধিনায়ক।

আরও পড়ুন: COPA DEL REY: টানা ২১ ম্যাচ জয়ের পর রিয়াল মাদ্রিদের বিজয় রথ থামালো অ্যাটলেটিকো মাদ্রিদ

১২৭ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলা। সফরকারী দলের হয়ে একটি করে উইকেট নেন রবি কিরণ, সৌরভ মজুমদার, জীবেশ বুট্টে ও বাসুদেব বারেথ। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও অভিষেক পোড়েলের জুটি। ৭৯ রানের অপরাজিত জুটি গড়েন দুজনে। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ অনুষ্টুপ। এই ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত ৫০০০ রান পূর্ণ করলেন অনুষ্টুপ। অভিষেক অপরাজিত রইলেন ৪৭ রানে। খারাপ আলোর জন্য ৭৩ ওভারেই বন্ধ করে দেওয়া হল খেলা। ঘরের ম্যাচে পুরো পয়েন্ট তুলতে শনিবার শুরু থেকে চালিয়ে খেলতে হবে বাংলার দুই ব্যাটারকে। অন্যদিকে বাংলার বিরুদ্ধে পয়েন্ট তুলতে শুরু থেকে উইকেট তুলতে হবে ছত্তিশগঢ়কে।

 

About Post Author