সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে তড়িঘড়ি বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর তথা সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে রয়েছেন বলেও খবর। মুখ্যমন্ত্রীর এই সিকিউরিটি ডিরেক্টর দেশের অন্যতম এলিট ফোর্স তথা প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য গঠিত স্পেশাল প্রোটেকশন গ্রুপে দীর্ঘ সময়ে ডেপুটেশনে ছিলেন। তা ছাড়া এদিনের বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
আরও পড়ুন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে অশান্তির জের, এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে
প্রসঙ্গত, বুধবার বুধবার বর্ধমান জেলার গোদার মাঠে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন তিনি। হেলিকপ্টার অবতরণ করার পর মাঠে প্রশাসনিক সভা করেন তিনি। ফেরার পথে হেলিকপ্টার চালানোর মতো পরিবেশ ছিল না। ঘন কুয়াশা এবং সামান্য বৃষ্টির জেরে আকাশপথে সফরের পরিকল্পনা বাতিল করা হয়।বাধ্য হয়ে সড়ক পথে ফিরে আসার ব্যবস্থা করা হয়। সেই প্রশাসনিক সভা থেকে ফেরার পথেই ঘটে যায় বিপত্তি। সভামঞ্চ থেকে আননুমানিক ২০০ মিটার দূরে, মুখ্যমন্ত্রীর গাড়ি যখন জিটি রোডে উঠছে, ঠিক সেই সময়ই অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে ঢুকে পড়ে।
যার জেরে জোরে ব্রেক কষতে হয় চালককে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আর তাতেই মাথায় ও হাতে আঘাত পান মুখ্যমন্ত্রী। পরে কলকাতার উদ্দেশে রওনা দেয় তাঁর গাড়ি। সূত্র মারফত জানা গিয়েছে, এই ধরণের অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে তা এড়াতে এদিন বৈঠক ডেকেছেন ডিজি। কারণ, লোকসভার ভোট আসছে। এবার আরও ঘন ঘন জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তাই পুলিশ সুপার ছাড়াও ট্রাফিকের দায়িত্বে থাকা কর্তাদেরও ডাকা হয়েছে। হতে পারে এবার মুখ্যমন্ত্রীর সফরের জন্য পুলিশ প্রটোকল আগের থেকে কঠোর করা হবে।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র