Home » কবি অদিতি বসুরায় ও তাঁর বায়োস্কোপ

কবি অদিতি বসুরায় ও তাঁর বায়োস্কোপ

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৮ জানুয়ারি :”রোদ লুটিয়ে পড়ল বন্ধ চোখের ওপর।/মা বলে, রোদ মুখে ঘুমোতে নেই, পিনাকীদা।”- বায়োস্কোপ, অদিতি বসুরায়

“সকাল হলেই এক কাপ দুধ- ছাড়া চা আর দুটো বিস্কুট খেয়ে চলে যেতাম টিউশন পড়াতে। আমাদের দূর শহরতলিতে তখনও ছিল বেশ কিছু ইটের রাস্তা। রাস্তার মোড়ে ছিল একটা কৃষ্ণচূড়া গাছ। এর পাশে যে একটা রাধাচূড়া লাগাতে হয়, সেটা বোধহয় কেউ খেয়াল করেনি। আজ অবশ্য আমাদের ইটের গলি কংক্রিটের, মিশেছে পিচের রাস্তার সঙ্গে, কিন্তু গাছটা আর নেই’ – এতক্ষন ধরে যে শব্দবন্ধ উচ্চারিত হল তা পিনাকী ঠাকুরের লেখা, তাঁর লেখা হারিয়ে যাওয়া গাছের মত তিনিও আর নেই, রয়ে গেছে চুম্বনের ক্ষত, শরীরে কাঁচের টুকরো -র মত তাঁর কাব্যগ্রন্থ গুলি। পিনাকী ঠাকুরের “একদিন অশরীরী” প্রকাশের পরেই বাংলার বিখ্যাত কবিরা তাঁর কবিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। আর প্রয়াত কবিকে তাঁর কবিতার বই বায়োস্কোপে স্মরণ করেছেন কবি অদিতি বসুরায়। তাঁর কবিতার বই বায়োস্কোপের মায়াবী আখরে ধরা পড়েছেন পিনাকী ঠাকুর। অদিতি বসু রায়ের সদ্য প্রকাশিত কবিতার বই বায়োস্কোপে তুলে ধরা হয়েছে আরও বহু খ্যাতনামা চরিত্র। রয়েছেন নেতাজি, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন জয়দেব বসু এছাড়াও এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে অদিতি বসুরায়ের আরেকটি বই।

বায়োস্কোপে পিনাকী ঠাকুরের মত আরও এক অকাল প্রয়াত কবি জয়দেব বসুর প্রতি স্মরণে শ্রদ্ধায় অবনত হয়েছেন কবি। অদিতি বসুরায়ের তুলিতে তিনি “জয়দেব নামের সেই বাঁশিওয়ালা “। প্রতিটি চরিত্রের স্মরণে উঠে এসেছে মন কেমন করা মায়াবী বাক্যরাশি।

আরও পড়ুন পাবলো নেরুদা : বিশ্বসেরা কবি, বিতর্কিত ব্যক্তিত্ব

বায়োস্কোপ নিয়ে কথা বলতে গিয়ে অদিতি বসুরায় উচ্চারণ করেছেন তাঁর মরমিয়া বক্তব্য।বর্তমান রাজনৈতিক অস্থিরতায় কলম যাদের শানিত তাঁদের প্রতি অসহিষ্ণু আচরণে তিনি ব্যথিত। ‘নির্ভয়া ও অন্যান্য’ তিনি যে ভারতবর্ষের ছবি তুলে ধরেছেন সেই ভারতবর্ষের হাতে ‘দেশলাই’ – আরে কবির দায়িত্ব পালন করতে গিয়ে কবিকে হতে হয় পীড়িত।

সাতটি বই লিখেছেন অদিতি, দেশ-মাটি-মানুষের কথা তুলেছেন, তুলে এনেছেন একান্ত যাপন, তাঁর যাপন শাশ্বত রূপ পেয়েছে তাঁর সদ্যপ্রকাশিত  বায়োস্কোপের পরতে পরতে, তাঁর কবিতা থেকে চোখ ফেরানোর পরেও ‘হৃদি’ জুড়ে থেকে যায় তাঁর কবিতা। কখনও তাঁর কবিতার অর্থ সুনীল গঙ্গোপাধ্যায় যাঁর “ভালো নাম শরৎকাল’। কখনও কবিতা বেথুন সাহেব  যাঁর “নীল চোখে সাগরপাড়ের ছায়া”। কখনও কবিতা মাদার টেরেসার “মায়াময় আলো “। মায়া থেকে যায়, থেকেই যায় বায়োস্কোপ জুড়ে।।

আরও পড়ুনবই-মালিনী মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে

About Post Author