স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ফেব্রুয়ারি: টেস্ট সিরিজে স্বপ্ন দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু একদিনের সিরিজে হারতে হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হেরে গেল তারা। পরপর দুটি ম্যাচ জিতে সিরিজের দখল নিল ব্যাগি গ্রিনরা।

রবিবার সিডনিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে অজিদের প্রথমে ব্যাট করতে পাঠান ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। দ্রুত রান তুলতে গিয়ে পরপর উইকেট হারাতে থাকে ব্যাগি গ্রিনরা। তৃতীয় ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার জ্যাক ফ্রেসার (১০) ও জোশ ইংলিশ (৯)। রান পাননি দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথও (৫)। তিন নম্বরে নেমে শুরুটা খারাপ করেননি ক্যামেরন গ্রিন। ৪১ বলে ৩৩ রান করে আউট হন গ্রিন। পরের ওভারেই মার্কোস লাবুশানে (২৩) ফিরতে আরও চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই চাপ সামাল দেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি জুটি। তবে বড় রানের জুটি গড়তে ব্যর্থ হন তারা। হার্ডি (২৬) ও শর্ট (৪১) রানে ফিরতে আবার চাপ তৈরি হয় অজি শিবিরের উপর। সেই পরিস্থিতি থেকে দলকে একাই টেনে নিয়ে গেলেন শিন অ্যাবট। ১ টি চার ও ৪ টি ছয়ে করলেন ৬৩ বলে ৬৯ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: কে জিতবে? ইংল্যান্ডের দরকার ৩৩২ রান, ভারতের প্রয়োজন ৯টি উইকেট
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার মত তাদেরও টপ অর্ডার ব্যর্থ। ইন্ডিজ শিবিরকে কিছুটা আশা দিয়েছিলেন অধিনায়ক শাই হোপ। তবে ২৯ রান করতে খেললেন ৬৫ টি বল। তিনি ফিরতে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন কেসি কার্টি (৪০) ও রস্টন চেজ (২৫)। তাঁরা ফিরতে ম্যাচের ভবিষ্যতও প্রায় স্থির হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করার পাশাপাশি বল হাতেও দাপট দেখালেন শিন অ্যাবট। তিনি ৩ উইকেট নিলেন। জস হেজলউডও একই সংখ্যক উইকেট পেয়েছেন। এই ম্যাচে হারের ফলে সিরিজের শেষ ম্যাচ কার্যত হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার