Home » Under-19 World Cup 2024: সচিন-উদয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

Under-19 World Cup 2024: সচিন-উদয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ফেব্রুয়ারি: আরও একটি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গেল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে  দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল ভারতের ছোটোরা। ভারতের এই জয়ের পিছনে সব থেকে উল্লেখযোগ্য অবদান রাখলেন সচিন ধাস ও  অধিনায়ক উদয় সাহারন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ৭ বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত।

যুব বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে ভারতের ভেনু ছিল ব্লুমফেন্টের মংগং ওভাল। মঙ্গলবার বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হয় উদয়দের। নতুন মাঠে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন ভারতীয় বোলাররা। পঞ্চম ওভারে স্টিভ স্টোককে ফেরান রাজ লিম্বানি। প্রোটিয়াদের মারকুটে ব্যাটার এই ব্যাটার ১৪ রানে ফেরেন। ডেভিড টিগারকেও আউট করেন রাজ। তিনি রানের খাতা না খুলেই ফেরেন। দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফেরান লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও রিচার্ড সেলেৎসোয়ানে। তবে ভারতীয় স্পিনারদের সমীহ করেই খেলছিলেন এই দুই ব্যাটার। প্রিটোরিয়াস ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করার পর আগ্রাসী হতে শুরু করেন।  বেশি আক্রমণাত্মক হতে গিয়ে ৭৬ রানের মাথায় আউট হন প্রিটোরিয়াস। সেলেৎসোয়ানে খেলছিলেন ধীর গতিতে। ১০০ বলে ৬৪ রান করে তিনি ফিরতে আবার চাপে পড়ে যায় আয়োজকরা। শেষের দিকে অলিভিয়ের হোয়াইটহেড,  জুয়ান জেমস  ও ট্রিস্টান লুসের লড়াকু ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। ভারতের এই ম্যাচের সফলতম বোলার রাজ লিম্বানি। ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন মুশির খান। ১ টি করে উইকেট পেয়েছেন নমন তেওয়ারী ও সৌমি পাণ্ডে।

আরও পড়ুন: CRISTIANO RONALDO AND NEYMAR JR.: বিশ্ব ফুটবলের দুই চর্চিত মহাতারকার জন্মদিন

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বাদশ ওভারের মধ্যে ৩২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু ব্রিগেড। দুই পেসার ট্রিস্টান লুস ও কোয়েনা মাফাকার দাপটে দিশেহারা দেখাচ্ছিল ভারতের টপ অর্ডারকে।  প্রথম স্পেলে ৬ ওভারে একটি মেডেন-সহ ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন লুস। যার বোলিং অ্যাকশনের মধ্যে অনেকে খুঁজে পেয়েছেন কিংবদন্তী ডেল স্টেইনকে। দলকে খাদের কিনারা থেকে তুলে ধরেন সচিন ধাস ও উদয় সরন জুটি। পঞ্চম উইকেটে ১৭১ রানের জুটি করেন দুজনে। মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেন সচিন। ৯৫ বলে ৯৬ রান করে আউট হন তিনি। মারেন ১১টি চার ও ১টি ছক্কা।  সচিন ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যান উদয়। ১২৪ বলে ৮১ রান করে ফেরেন ভারত অধিনায়ক। উদয় রান আউট হয়ে যখন ফিরলেন ততক্ষণে জয়ের গন্ধ পেয়ে গিয়েছে ভারত।

About Post Author