Home » লোকসভা ভোটের আগে ইপিএফে বাড়ল সুদের হার

লোকসভা ভোটের আগে ইপিএফে বাড়ল সুদের হার

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ লোকসভা ভোটের আগে চাকরিজীবীদের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বাড়ল সুদের হার। জানা গিয়েছে, এবার থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ৮.২৫ শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এমনটাই ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। ২০২৩-২৪ অর্থবর্ষে তা কার্যকর হবে ৷ গত তিন বছরে এটি সবচেয়ে বেশি সুদের হার ৷ বর্তমানে ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। তার আগের অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.১ শতাংশ। চার দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি পতন ছিল ইপিএফের সুদে।

আরও পড়ুন    কেএফসি চিকেন ফ্রাই নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন জিঞ্জার চিকেন ফ্রাই

বিশেষজ্ঞদের অনুমান ছিল, ২০২২-২০২৩ অর্থবর্ষে হয়তো ৮ শতাংশেরও নীচে নামতে পারে এই সুদের হার। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে গত বছর ২৮ মার্চ ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ করা হয়। এবার থেকে ৮.২৫ শতাংশ হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ পাবেন চাকরিজীবীরা। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সুপারিশ গ্রহণ করেই ইপিএফও-এ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৭-১৮ অর্থবর্ষে ইপিএফ সুদের হার ছিল ৮.৫৫ ৷

আরও পড়ুন  ফের অগ্নিগর্ভ সন্দেশখালি! বিজেপি নেতৃত্বকে সন্দেশখালি যেতে বাধা পুলিশের, অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি

তার আগে ২০১৬-১৭ অর্থবর্ষে ইপিএফের সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। এরপর ২০১৫-১৬ সালে সেই হার কমে হয় ৮.৮ শতাংশ৷ প্রসঙ্গত, আর কিছুদিন পরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সরকার পিএফ-এ সুদের হার ৮ শতাংশের উপরে রাখতে পারে বলেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। ইপিএফে সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফে সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসাবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

About Post Author