সময় কলকাতা ডেস্ক , ১৭ ফেব্রুয়ারি : শনিবার আইএসএলে জিততে মরিয়া মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবারের ম্যাচ দুই প্রধানের কাছে হয়ে উঠতে চলেছে খুব তাৎপর্যপূর্ণ। মোহনবাগান এদিনের ম্যাচ নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার লক্ষ্যে নামছে। তাদের কাছে এদিনের ম্যাচ জয়ের সরণীতে থাকার এবং জয়ের অভ্যাস বজায় রাখার লড়াই। অন্যদিকে ইস্টবেঙ্গলের কাছে শনিবারের ম্যাচ কার্যত ডু অর ডাই। এই ম্যাচে খারাপ ফল করলে ইস্টবেঙ্গল আইএসএলে প্রথম ছয়ে যাওয়ার দৌড় থেকে একেবারেই ছিটকে যেতে পারে।
শনিবার ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী হায়দ্রাবাদ এফসি। নিজামের শহরে এই ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে লাল হলুদ। তবে, এখনও ইস্টবেঙ্গল বেশ এলোমেলো। অবশ্য, ইস্টবেঙ্গলকে সুপার কাপের পর থেকেই ছন্নছাড়া দেখাচ্ছে। নতুন উইন্ডোতে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে। অন্যদিকে, চোট আঘাত সমস্যায় ইস্টবেঙ্গল হয়ে উঠেছে মিনি হাসপাতাল। পাশাপাশি পাল্লা দিয়ে হলুদ কার্ডের ছড়াছড়িতে সাসপেনশনের সমস্যা তাড়া করে বেড়াচ্ছে ইস্টবেঙ্গলকে। চারটি হলুদ কার্ড দেখায় আগের ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলের পজিটিভ গোলগেটার ক্লেটন সিলভাকে। শনিবারও ইস্টবেঙ্গল কার্ড সমস্যায় পাচ্ছে না প্লে মেকার নাওরেম মহেশ সিংকে। পাওয়া যাবে না লালচুংনুঙ্গাকেও। চোট পাওয়া সাওল ক্রেসপো কবে মাঠে ফিরবেন তাও ঠিক নেই। পারদো অধ্যায় আগেই শেষ হয়ে গিয়েছে। এখনও দলে মানিয়ে নিতে পারেননি নবাগত বিদেশী ভাসকুয়েজ বা ব্রাউন। ডিপ ডিফেন্সে আরেক বিদেশী আলেকজান্ডার প্যান্টিচ কবে মাঠে নামেন তাও নিশ্চিত নয় । সবমিলিয়ে মোটেই ভালো নেই লাল হলুদ শিবির। এইসব বাধা কাটিয়ে তবুও জিততে মরিয়া ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের স্বস্তির কারণ তাদের এম্যাচের প্রতিদ্বন্দ্বী খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শনিবার ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী হায়দ্রাবাদের ইদানীং অবস্থা আর্থিক কারণে খুব খারাপ। ছাপ পড়েছে খেলায়। এবার আইএসএলে মাত্র চার পয়েন্ট পেয়েছে তারা। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট টেবিলে লাস্টবয় হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতলে এক ধাক্কায় তিন ধাপ এগিয়ে যাবে লালহলুদ।আর হারলে আইএসএলের নকআউট পর্বে যাওয়ার আশা এবারের মত কার্যত ধুলিস্যাৎ হয়ে যাবে।
মোহনবাগান অবশ্য ইস্টবেঙ্গলের মত চাপে নেই। তারা এই ম্যাচে জিতলে আরও এক ধাপ ওপরে উঠবে গোয়াকে পেছনে ফেলে। তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড ধারে ও ভারে তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে। ঘরের মাঠে মিলবে জনসমর্থন। তবে চোখ থাকবে নর্থ ইস্ট অজি তারকা টমি ইউরিচের দিকে যিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিশ্বমানের গোল করেছেন আগের ম্যাচে। সবুজ মেরুন পূর্ণশক্তি নিয়ে মাঠে নামছে যদিও দলে বদল আনার কথা গোয়া ম্যাচ জিতেই ঘোষণা করে রেখেছেন মোহন কোচ হাবাস। পোড়খাওয়া কোচ হাবাস অবশ্য ঘনঘন ম্যাচ খেলতে হওয়ায় ক্রীড়াসূচি নিয়ে তার বিরক্তির কথা জানিয়ে রেখেছেন।।
আরও পড়ুন কেরালাকে একমাত্র গোলে হারাল চেন্নাইয়ান


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া