Home » Erling Haaland: ৫৫ মিনিটে পাঁচ গোল, হাল্যান্ড ঝড়ে উড়ে গেল লুটন টাউন

Erling Haaland: ৫৫ মিনিটে পাঁচ গোল, হাল্যান্ড ঝড়ে উড়ে গেল লুটন টাউন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: এফএ কাপে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার রাতে তারা ৬-২ গোলে উড়িয়ে দিল লুটন টাউনকে। একাই ৫৫ মিনিটে পাঁচ গোল করলেন আর্লিং হাল্যান্ড। চোট সারিয়ে ফেরার পর গোলের দেখা পাচ্ছিলেন না। প্রিমিয়ার লিগে দল জিতলেও গোল করতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির গোল মেশিন। তবে তিনি যে গোলের বুট হারিয়ে ফেলেননি তার প্রমাণ দিলেন আরও একবার। এই নিয়ে গত দেড় বছরে মোট আটবার এক ম্যাচে তিন বা তার বেশী গোল করলেন নরওয়ের স্ট্রাইকার। দ্বিতীয়বারের জন্য পাঁচ গোল করলেন তিনি।

আগ্রাসী মেজাজে শুরু করে ম্যানচেস্টার সিটি। মাত্র তিন মিনিটের মধ্যে সিটির হয়ে গোলের খাতা খোলেন হাল্যান্ড। কেভিন ডি’ব্রুইনার বাড়ানো পাস থেকে আসে প্রথম গোল। প্রথম গোলের ১৫ মিনিটের মাথায় ফের বেলজিয়াম-নরওয়ে জুটির কামাল। ফের ডি’ব্রুইনার পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। ৪০ মিনিটে আবার এই জুটির সৌজন্যে তৃতীয় গোল করে সিটি। এবারও  ডি’ব্রুইনার বাড়ানো বল থেকে গোল করেন হাল্যান্ড। প্রথমার্ধের অন্তিম লগ্নে একটি গোল শোধ করে লুটন। বার্কলের পাস থেকে গোলর করেন জর্ডন ক্লার্ক।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল এই চার দল, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কোন দলের মুখোমুখি হবে?

বিরতির পর ফের বার্কলের পাস থেকে আরও একটি গোল শোধ করেন ক্লার্ক। তাদের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। আবারও ব্রুইনার বাড়ানো পাস থেকে ব্যবধান ৪-২ করেন হাল্যান্ড। মাত্র ৫৫ মিনিটে নিজের ও দলের পঞ্চম গোলটিও করেন তিনি। বের্নাডো সিলভার পাস থেকে স্কোরবোর্ড ৫-২ করেন নরওয়ের তারকা। ৭২ মিনিটে লুটনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মাতেও কোভিসিচ । ম্যাচ শেষে ৫৫ মিনিটে ৫ গোলের নায়ক জানালেন নিজের অনুভূতির কথা। তিনি বলেন, “আমি নিজের ফিটনেস ফিরে পেয়েছি। আবারও গোল করে দলকে জেতাতে পারছি। এর থেকে ভাল আর কিছু হতে পারেনা।”

About Post Author