সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: লোকসভা ভোটের আগেই বিজেপিতে ভাঙন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপি ছাড়ছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যেই জেপি নাড্ডা(JP Nadda)-কে চিঠিও দিয়েছেন গম্ভীর। শনিবার সকালে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। আগামী দিনে তিনি ক্রিকেটেই মন দিতে চান। সেই কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত।
আরও পড়ুন কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলা জুড়ে পদ্ম ফোটানোর ডাক প্রধানমন্ত্রীর
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে গৌতম গম্ভীর লেখেন, ‘আমি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি আমায় সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন, যাতে আমি এবার ক্রিকেটে মন দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক ধন্যবাদ মানুষের সেবা করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।’ যদিও গম্ভীরের রাজনীতির ইনিংস ছেড়ে দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্লেষক মহলে। বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা ছিল। কার্যত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।
প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সাংসদ হন তিনি। গত দু’দিন আগেই দিল্লির সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লি বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর চারটে পর্যন্ত এই বৈঠক চলেছে। ওই বৈঠকে বিজেপির প্রথম ১০০ জন প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের খবর। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো হেভিওয়েট প্রার্থীর নাম থাকবে বলেই মনে করা হচ্ছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার