Home » Ravi Ashwin: শততম টেস্টে পাঁচ উইকেট, বিশ্বের প্রথম বোলার হিসেবে নয়া নজির অশ্বিনের

Ravi Ashwin: শততম টেস্টে পাঁচ উইকেট, বিশ্বের প্রথম বোলার হিসেবে নয়া নজির অশ্বিনের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ মার্চ: ধর্মশালায় নিজের ক্রিকেট জীবনের শততম টেস্ট খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। যা পেশাদার ক্রিকেটারের জীবনে অন্যতম মাইলফলক। শততম টেস্টে নজির গড়লেন ভারতীয় স্পিনার। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন।

ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দাপট দেখাচ্ছেন ভারতীয় স্পিনাররা। রাজকোটেও সেই দাপট অব্যাহত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দশটি উইকেট নেন স্পিনাররা। কুলদীপ পেয়েছিলেন ৫ টি উইকেট। অশ্বিন পেয়েছিলেন ৪ উইকেট। জাদেজা পেয়েছিলেন ১ টি উইকেট। দ্বিতীয় ইনিংসেও আধিপত্য দেখালেন ভারতীয় স্পিনাররা। শনিবার ভারতের ইনিংস শেষ হয় ৪৭৭ রানে। ইংল্যান্ড পিছিয়ে ছিল ২৫৯ রানে। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হয় ইংরেজ ব্যাটিং অর্ডারকে। ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিলেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন।

ধর্মশালার পিচে যশপ্রীত বুমরার সঙ্গে অশ্বিনকে শুরু করান রোহিত। নতুন বলে নিরাশ করেননি ভারতের অভিজ্ঞ স্পিনার। বেশি রান হজম করলেও নিয়মিত উইকেট নিতে থাকেন তিনি। দ্বিতীয় ওভারে ফিরেয়ে দেন বেন ডাকেটকে। ইংরেজ ওপেনার ফেরেন ২ রানে। ষষ্ঠ ওভারে রানের খাতা না খুলেই আউট হন জ্যাক ক্রলি। তিনিও অশ্বিনের শিকার। তিন নম্বরে নেমে দলের হাল ধরেন অলি পোপ। তবে তাকে বড় রান করতে দেননি অশ্বিন। ১৯ রানের মাথায় অশ্বিনের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন পোপ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বেন স্টোকসের উইকেট তুলে নেন অশ্বিন। ২ রানের মাথায় বোল্ড হন ইংরেজ অধিনায়ক। অশ্বিনের পঞ্চম শিকার বেন ফোকস। ব্যক্তিগত ৮ রানের মাথায় তাকেও বোল্ড করেন অশ্বিন। শনিবার ধরমশালা সাক্ষী থাকল অশ্বিন ঝড়ের।তার স্পিন সামাল দিতে ল্যাজেগোবড়ে হতে হল প্রথম সারির ইংরেজ ব্যাটারদের। এই ম্যাচে দশ উইকেট নেওয়ার হাতছানি ছিল অশ্বিনের সামনে। তবে সেটা হয়নি।

আরও পড়ুন: James Anderson: ধর্মশালায় ইতিহাস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসেবে নিলেন ৭০০ উইকেট

এই টেস্টে আরও কয়েকটি নজির গড়েছেন ভারতীয় স্পিনার। নিজের অভিষেক ও শততম টেস্টে পাঁচ উইকেট নিলেন তিনি। যেই নজির বিশ্বের আর কোনও বোলারের নেই। এই নিয়ে টেস্ট ক্রিকেটে মোট ৩৬ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। স্পর্শ করলেন নিউজিল্যান্ডের কিংবদন্তী স্যার রিচার্ড হেডলিকে। আর একটি ইনিংসে পাঁচ উইকেট নিলে অশ্বিন স্পর্শ করবেন শ্যেন ওয়ার্নকে। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরালীধরন। তিনি মোট ৬৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন।

About Post Author