Home » James Anderson: ধর্মশালায় ইতিহাস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসেবে নিলেন ৭০০ উইকেট

James Anderson: ধর্মশালায় ইতিহাস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসেবে নিলেন ৭০০ উইকেট

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ৯ মার্চ: ধর্মশালায় ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের তিন নম্বর হিসেবে ৭০০ উইকেটের মালিক হলেন তিনি। বিশ্বের প্রথম পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে এই নজির গড়লেন ইংরেজ পেসার। তার ৭০০ তম উইকেটের শিকার কুলদীপ যাদব।

বয়স কেবলই একটা সংখ্যা। এই কথাকে এবার মান্যতা দিলেন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সে পেশাদারী ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা খুব কম।সেই বয়সে নজির গড়লেন অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসেবে হলেন ৭০০ উইকেটের মালিক। জীবনের ১৮৭ তম টেস্টে এই নজির গড়লেন ইংরেজ পেসার। গড় ২৬.৫১। যদিও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।তালিকার শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনারের ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। তার পরেই রয়েছে শ্যেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনারের সংগ্রহ ৭০৮ উইকেট। প্রয়াত ওয়ার্নের থেকে মাত্র ৮ উইকেট দূরে রয়েছেন জিমি অ্যান্ডারসন।

আরও পড়ুন: Rafael Nadal: ইন্ডিয়ান ওয়েলস ওপেন থেকে একদিন আগে নিজের নাম প্রত্যাহার করতে হল রাফায়েল নাদালকে

ইংল্যান্ডের হয়ে দু’দশকের বেশি সময় ধরে টেস্ট খেলছেন জিমি অ্যান্ডারসন। ২০০৩ সালের ২২ মে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেটার তখনও পৃথিবীর আলো দেখেননি।জিম্বাবোয়ের মার্ক ভারমুলিনকে আউট করে টেস্ট উইকেটের খাতা খোলেন ইংল্যান্ডের জিমি। তারপর দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে দলের বোলিং বিভাগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে ২০১৫ সালে সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার পর থেকে শুধুই টেস্ট খেলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে বয়সের জন্য তাকে বিশ্রাম দিয়ে খেলায় ইংল্যান্ড। তার পরেও ৭০০ উইকেট নিয়ে নজির গড়লেন অ্যান্ডারসন।

About Post Author