Home » Arsenal: টানা অষ্টম ম্যাচে জয়, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

Arsenal: টানা অষ্টম ম্যাচে জয়, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মার্চ: প্রিমিয়ার লিগে ছুটছে আর্সেনালের অশ্বমেধের ঘোড়া। টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিল তারা। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে দিল মিকেল আর্তেতার ছেলেরা। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল।

রবিবার প্রিমিয়ার লিগের মেগা ম্যাচে মুখোমুখি লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যেই দল জিতবে তারা পৌঁছে যাবে লিগ শীর্ষে। তবে এবারের খেতাবি লড়াই তিন দলের মধ্যে। পয়েন্টের ব্যবধানও খুব কম। সেই লড়াইকে আরও জমিয়ে দিল আর্সেনাল। শনিবার গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলে তারা। ৭২ শতাংশ বলের দখল ছিল আর্সেনালের ফুটবলারদের পায়ে। শটের হিসেবেও বিপক্ষকে টেক্কা দিয়েছিল তারা। কিন্তু গোলের সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বেন হোয়াইটের বাড়ানো ক্রস থেকে হেড করে বল জালে জড়ান ডেক্লান রাইস। সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতির আগে গোল শোধ করে দেয় ব্রেন্টফোর্ড। তাদের হয়ে গোল করেন কঙ্গোর মিডফিল্ডার ইয়োয়ান উইসা। গোলটি হয় আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডালের ভুলে।

আরও পড়ুন: Manchester United: প্রিমিয়ার লিগে জয়ের রাস্তায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেডের

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় আর্সেনাল। তবে কিছুতেই কাজের কাজটি করতে পারছিল না তারা। ৭৪ মিনিটে রাইসের নেওয়া জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরে। একটা সময় উৎকন্ঠা বাড়ছিল আর্সেনাল সমর্থকদের। সেই সময় দলের হয়ে জয়সূচক গোলটি করেন কাই হ্যাভার্টজ। এক্ষেত্রেও গোলের পাসটি আসে বেন হোয়াইটের বাড়ানো ক্রস থেকেই। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি ব্রেন্টফোর্ড। ফলে টানা অষ্টম ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়ল উত্তর লণ্ডনের ক্লাবটি। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চলে গেল আর্সেনাল। যদিও দুই ও তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের থেকে এক ম্যাচ বেশি খেলেছে তারা। রবিবার ম্যাচ ড্র হলে লিগের শীর্ষস্থান ধরে রাখবে গানাররা।

About Post Author