Home » Mohun Bagan: প্লে-অফে সবুজ মেরুণ, ডার্বিতে নামার আগেই মোহনবাগানে খুশির খবর

Mohun Bagan: প্লে-অফে সবুজ মেরুণ, ডার্বিতে নামার আগেই মোহনবাগানে খুশির খবর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মার্চ: ডার্বিতে বল গড়ানোর বাকি এখনও কয়েক ঘন্টা। তার আগেই স্বস্তির খবর চলে এল মোহনবাগান শিবিরে। চলতি আইএসএলের প্লে-অফে জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়নরা। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচে চেন্নাইয়িনকে হারতে হয় ০-১ গোলে। প্রতিযোগিতায় এই প্রথম জয় পেয়ে মোহনবাগানের প্লে-অফের পথ মসৃণ করে দিল হায়দরাবাদ এফসি।

আইএসএলের মাঝপথে ছন্দপতন না হলে অনেক আগেই প্লে অফে পৌঁছে যায় মোহনবাগান। তবে গতবারের চ্যাম্পিয়নরা টানা কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে মুম্বই ও ওড়িশা পয়েন্ট টেবিলে কলকাতার অন্যতম প্রধান দলকে পিছনে ফেলে। যদিও দুই দলের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের ফারাক সামান্য। ডার্বিতে নামার আগে মোহনবাগানের সংগ্রহ ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। অন্যদিকে একনম্বরে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৩৬। দ্বিতীয় স্থানে থাকা ওড়িশার পয়েন্ট ৩৫। প্রথম দুইয়ে থাকা দলের থেকে দুটি ম্যাচ কম খেলেছে সবুজ মেরুণ ব্রিগেড। সেই দুটি ম্যাচে জিতলে আবার লিগের শীর্ষে চলে যাবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল।

আরও পড়ুন: Arsenal: টানা অষ্টম ম্যাচে জয়, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

অঙ্কের হিসেবে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে মোহনবাগানকে অপেক্ষা করতে হল শনিবার পর্যন্ত। হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়িন হেরে যাওয়ায় অনেকটা স্বস্তি নিয়ে ডার্বিতে নামতে পারবে মোহনবাগান। লিগের তলানিতে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে এদিন গোলের মুখই খুলতে পারেনি চেন্নাইয়িন। উল্টে ম্যাচের ১৫ মিনিটে হায়দরাবাদের হয়ে জয়সূচক গোলটি করেন সাজার প্যারের।

About Post Author