পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২৩ মার্চ: মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে দুরন্ত সম্ভাবনা নিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বাঁ হাতি ফাস্ট বোলার।দীর্ঘ ন বছর ধরে চলতে থাকা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অসামান্য হয়ে ওঠে নি। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকায়ও তিনি পড়েন না। আঠাশ বছর বয়সী মুস্তাফিজুর রহমান টেস্টে বাংলাদেশ দলের হয়ে খুব বেশি দাগ কাটতে পারেন নি। মাত্র উনিশ বছর বয়সে টেস্ট অভিষেক হলেও ১৫ টি টেস্টে একবারও ইনিংসে পাঁচ উইকেট পান নি। বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত জায়গা ও পান না। সংগ্রহ মাত্র ৩১ উইকেট। তবে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে মোটের ওপরে সফল বলা চলে তাঁকে । টি টোয়েন্টি বা ওডিআই – দুরকম ফরম্যাটে শতাধিক উইকেট রয়েছে তার। আইপিএলে ধারাবাহিকতা না দেখালেও তিনি অন্যতম সফল বিদেশি বোলার। এবছর আইপিএলের প্রথম ম্যাচের নায়কও তিনি।
ভারতে আইপিএলেও বাংলাদেশের সাকিব আল হাসানকে বাদ দিলে ফ্রেঞ্চইসিদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে দীর্ঘ সময় ধরে। অনেক দলে খেলেছেন।সাফল্য পেয়েছেন তবে তা একেবারেই ধারাবাহিক নয়।তিনি সবচেয়ে বেশি আট বছর আগে,সেই কবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে ১৬ ম্যাচ খেলে ১৭ টি উইকেট নিয়েছিলেন, ভুবনেশ্বর কুমার ও আশিস নেহেরার পাশে হয়ে উঠেছিলেন বিপক্ষের ব্যাটারদের ত্রাস। তারপরে ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আরেকটি মোটামুটি সফল মরশুম কাটালেও মুম্বাইয়ের হয়ে আহামরি কাটে নি।দিল্লি ক্যাপিটালস দলের হয়ে সেভাবে সুযোগ না পেয়ে বিগত দুটি মরশুমে বেশিরভাগ সময় ডাগ আউট আর ড্রেসিং রুমে কেটেছে। যেটুকু সামান্য সুযোগ পেয়েছেন তারমধ্যে রেখাপাত করেন নি ।তবে দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাই তাঁকে দু কোটি টাকায় কিনেছে। আর এবছরের আইপিএলে প্রথম ম্যাচেই সোনা ফলালেন মুস্তাফিজুর রহমান।তাঁর প্রথম দশটি বলে চারটি উইকেট নিয়ে একাই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খাদের কিনারে দাঁড় করিয়ে দেন মুস্তাফিজুর রহমান । আরসিবির বিপর্যয়ে রুখে দাঁড়ান অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। তাঁরা নিজেদের সেরাটুকু উজাড় না করলে সামাল দেওয়া মুশকিল হত মুস্তাফিজুর কে । তবুও ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য কার্যত গড়ে দেন মুস্তাফিজুর রহমান। একাদশ ওভারে কোহলি আর গ্রিনকে আউট করার পরে কার্তিক রাওয়াত আরসিবির ইনিংস ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেও জয়ের জন্য সেই রান যথেষ্ট ছিল না। এদিন কোহলি, গ্রিন ছাড়াও দুপ্লেসি ও পতিদারকে আউট করেন মুস্তাফিজুর রহমান। প্রতিটি উইকেটই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিং নক্ষত্রের। মুস্তাফিজুর কে ছাড়া আইপিএল ২০২৪ -এর উদ্বোধনী ম্যাচে কাউকে ম্যান অফ দ্যা ম্যাচ ভাবা সম্ভব ছিল না। ভারতে জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠ আলোকিত করলেন বাংলাদেশের মুস্তাফিজুর।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার