Home » World Cup Qualifiers: একাধিক গোলের সুযোগ নষ্ট, অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে ড্র সুনীলদের

World Cup Qualifiers: একাধিক গোলের সুযোগ নষ্ট, অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে ড্র সুনীলদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মার্চ: সৌদি আরবের আভায় আভা ছড়াতে ব্যর্থ ভারতীয় ফুটবল দল। বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপের জোড়া যোগ্যতা ম্যাচে এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হল সুনীলদের (Sunil Chhetri)। একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইগর স্টিমাচের ছেলেদের। গোল শূন্য ড্র করে মাঠ ছাড়তে হল মেন ইন ব্লু শিবিরকে। এই ড্র-য়ের ফলে এ-গ্রুপে দু’নম্বরে উঠে এল ভারত। তিন ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে পয়েন্টের খাতা খুলল আফগানিস্তান।

এ-গ্রুপে দ্বিতীয় স্থান দখলের জন্য দুই দলের কাছে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত সুনীলদের কাছে। ফলে ম্যাচের শুরু থেকে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। পাসিং ফুটবলে বিপক্ষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছিলেন সুনীল, মনবীররা। অন্যদিকে গতি ও শারিরীক ফুটবলে ভারতের রক্ষণে চাপ বাড়াচ্ছিলেন আফগানরা। ভারতের জার্সিতে নজর কাড়ছিলেন জানুয়ারিতে দলে অভিষেক হওয়া বিক্রম প্রতাপ সিং। আফগানদের ফাইনাল থার্ড অঞ্চলে বারবার চাপ বাড়াচ্ছিলেন তিনি। এই সময়ে এগিয়ে যেতে পারত ভারত।  ছাংতের ঠিকানা লেখা পাস খুঁজে নিয়েছিল অরক্ষিত মনবীরকে। কিন্তু জালে বল জড়াতে পারেননি মোহনবাগানে খেলা জাতীয় দলের ফরোয়ার্ড। প্রতি আক্রমণে একবার ভারতের গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল আফগানরাও। মোসাওয়ের আহদির বাঁ-পায়ের বাঁক খাওয়ানো শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন গুরপ্রীত। বিরতিতে যাওয়ার আগে জোড়া সুযোগ নষ্ট করেন ভারতের মনবীর। ছাংতের কর্নার ও নিখিল পূজারির নিচু ক্রসকে গোলে সদ্ব্যবহার করতে পারেননি মোহনবাগান তারকা।

আরও পড়ুন: IPL 2024: আইপিএল শুরুর কয়েক ঘন্টা আগে মুম্বই শিবিরে যোগ দিলেন বিধ্বংসী পেসার

বিরতির পর গোল নষ্টের প্রদর্শনী করলেন বিক্রম। দু’বার আফগান রক্ষণভাগকে পরাস্ত করলেও বল জালে জড়াতে পারেননি তিনি। প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল আফগানিস্থানও। রহমত আকবারির ক্রস পেয়ে গিয়েছিলেন ওমিদ পোপালজের। কিন্তু দলের অবধারিত পতন রুখে দেন রাহুল ভেকে। অবশেষে গোলশূন্য শেষ হয় ম্যাচ। আগামী ২৬ মার্চ গুয়াহাটিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে সুনীলদের।      

About Post Author