Home » আইপিএল শুরু,জিতল চেন্নাই

আইপিএল শুরু,জিতল চেন্নাই

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ :শুরু হয়ে গেল আইপিএল ২০২৪। শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে ব্যাট নিয়ে শুরুটা ভালো করলেও প্রথম উইকেট পড়তেই তাসের ঘরের মত ভেঙে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাল্টা ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৪ টি উইকেট খুইয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিল চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর ৬ উইকেটে ১৭৩ রানের জবাবে ১৮ ওভার ২ বলে জয়ের রান তুলে ছয় উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই।

২০২৪ আইপিএলের প্রারম্ভিক ম্যাচ কার্যত তেমন উপভোগ্য হল না। প্রায় একপেশে লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ৬ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। ২৯ রানে ৪ উইকেট পেয়ে ম্যান অফ দ্যা ম্যাচ মুস্তাফিজুর রহমান। তবুও উদ্বোধনী ম্যাচে কতগুলি বিষয় হয়ে উঠল উল্লেখযোগ্য। প্রথমত, ধোনি মাঠে থাকলেও চেন্নাই দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ঋতুরাজ গাইকোয়াড় মন্দ নেতৃত্ব দিলেন না। তবে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেননি ঋতুরাজ। তাঁকে এই আইপিএল মরশুমের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার যশ দয়াল সারাক্ষন বিব্রত করলেন অফস্ট্যাম্পের বাইরের বলে। আউটও হতে হল যশ দয়ালের বলে।অন্যদিকে, বিরাট কোহলি বেশ কিছুদিন পরে মাঠে নেমে বেশ কিছুক্ষন ক্রিজে টিকলেও স্বমহিমায় তাঁকে দেখা যায় নি। ২০ বলে ২১ রান করলেন বিরাট । তবে ব্যাটে বেঙ্গালুরুর তরুণ উইকেটরক্ষক অনুজ রাওয়াত দারুণ খেললেন। ২৫ বলে করলেন ৪৮। বিরাট, ডুপ্লেসি সেভাবে সফল না হওয়ায় এবং ম্যাক্সওয়েল শূন্য রানে আউট হওয়ায় প্রচন্ড বিপদে পড়েছিল বেঙ্গালুরু। মুস্তাফিজুর তার প্রথম দু ওভারেই বেঙ্গালুরু ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। এরপরে অনুজ ও কার্তিক লড়লেও এবং শেষ ৫ ওভারে রানের গতি বাড়ালেও খুব বড় রান স্কোরবোর্ডে খাড়া করতে পারেনি বেঙ্গালুরু।চেন্নাইয়ের লম্বা ব্যাটিং আপ সহজেই রানের লক্ষ্য অর্জন করে নেয়। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত শুরু করেন রচিন রবীন্দ্রা। ১৫ বলে করেন ৩৭। মিডল অর্ডারে মিচেল ও শিবম দুবে নজর কাড়লেন। শিবম দুবে প্রথমদিকে অস্বস্তিতে থাকলেও পরের দিকে ঝড় তোলেন। চার উইকেট পড়ে যাওয়ার পরে সিরাজ, গ্রিনদের ভোঁতা করে জাদেজাকে নিয়ে দ্রুত ম্যাচ শেষ করেন তিনি।।

About Post Author