Home » Fifa Friendly: বিস্ময় বালকের গোল, ইংল্যান্ডকে হারিয়ে বছর শুরু ব্রাজিলের

Fifa Friendly: বিস্ময় বালকের গোল, ইংল্যান্ডকে হারিয়ে বছর শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ মার্চ: প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল। রবিবার ইংল্যান্ডের ঐতিহ্যশালী ওয়েম্বলি স্টেডিয়ামে এই বছরের প্রথম ম্যাচে নেমেছিল দুটি দল। সেই ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দিল দারিভালের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন পেলের দেশের নতুন প্রজন্মের বিস্ময় বালক বলে পরিচিত এন্ড্রিক।

গত বছরটা মনে রাখার মত বছর ছিল না ব্রাজিল ফুটবল দলের। ন’ম্যাচ খেলে হারতে হয়েছিল পাঁচটিতে। বছরের শেষে টানা চার ম্যাচে জয় অধরাই থেকেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ১৯৬৩ সালের পর প্রথমবার জয়ের থেকে হারের সংখ্যা বেশি রেখে বছর শেষ করতে হয়েছিল সাম্বার দেশকে। যা ব্রাজিল ফুটবলের গরিমার কাছে লজ্জার। এই পরিস্থিতিতে নতুন কোচ দরিভালের প্রশিক্ষণে প্রথম মাঠে নেমেছিল সেলেকাওরা। এই ম্যাচে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয় এন্ড্রিকের। ব্রাজিলের এই বিস্ময় বালককে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ বছর ৮ মাস ২ দিন বয়সীর দিকেও চোখ ছিল ফুটবল বিশ্বের। অন্যদিকে ইংল্যান্ড দলে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার কোবি মাইনুর। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের কোচই নিজেদের তরুণ ফুটবলারদের পরখ করে নেন।

আরও পড়ুন: মেসিবিহীন আর্জেন্টিনা জিতল তিন গোলে

ওয়েম্বলিতে রবিবার প্রথম গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। ২০ গজ দূর থেকে গোলমূখী শট নেন রড্রিগো। তবে সে যাত্রায় ইংল্যান্ডকে বাঁচিয়ে দেন গোলরক্ষক। দ্বাদশ মিনিটে ফের সুযোগ পায় ব্রাজিল। এ বারে গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। পরের দশ মিনিট দাপট বজায় রাখলেও গোলের দেখা পায়নি সফরকারী দল। ১৮ মিনিটে প্রথম ইতিবাচক সুযোগ পায় ইংল্যান্ড। ওয়াটকিন্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দুই দল বেশ কয়েকবার গোল করার মত জায়গায় পৌঁছে যায়। কিন্তু গোলের খাতা খুলতে পারেনি।

 বিরতের পর ৭১ মিনিটে রড্রিগোকে তুলে এন্ড্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ। মাঠে নামার ন’মিনিট পর খেলার একমাত্র গোলটি আসে তার পা থেকেই। ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক। সেই বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বলে গোল করেন সদ্য রিয়ালে যোগ দেওয়া এন্ড্রিক। সেই গোল আর শোধ করতে পারেনি গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ২০০৯ সালের পর প্রথম ইংল্যান্ডকে হারাল ব্রাজিল। প্রায় ১৫ বছর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছিল পেলে, নেইমারের দেশ। সেই ম্যাচে সেলেকাওদের হয়ে গোল করেছিলেন নিলমার। কাতারের আল রাইয়ানে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।  

About Post Author