Home » Mohammedan Sporting Club: দলগঠনে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে কড়া টক্কর দিতে চলেছে ময়দানের তৃতীয় প্রধান

Mohammedan Sporting Club: দলগঠনে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে কড়া টক্কর দিতে চলেছে ময়দানের তৃতীয় প্রধান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মার্চ: চলতি আই লিগে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) অশ্বমেধের ঘোড়া ছুটছে। বড় অঘটন না ঘটলে আই লিগের খেতাব জয় মহামেডানের কাছে শুধু সময়ের অপেক্ষা। আই লিগ চ্যাম্পিয়ন হতে পারলেই তাদের সামনে খুলে যাবে ইন্ডিয়ান সুপার লিগের দরজা। ইতিমধ্যে যেই লিগে খেলছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে মহামেডান না থাকায় একটা শূন্যতা থেকেই গিয়েছিল। আগামী মরশুমে সেটা পূরণ হতে চলেছে। আইএসএলের কথা মাথায় রেখে ইতমধ্যে দলগঠনে মন দিয়েছেন সাদা কালো ব্রিগেড।

আরও পড়ুন:  East Bengal | Masih Talal| পরের মরশুমের দল গোছানোর কাজ শুরু ইস্টবেঙ্গলের, নজরে রিয়েল মাদ্রিদ তারকার বিরুদ্ধে খেলা মিডফিল্ডার

মানের দিক থেকে আই লিগের সঙ্গে আইএসএলের বিস্তর ফারাক রয়েছে। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয় পঞ্জাব এফসি। কিন্তু এই মরশুমে আইএসএলে শুরুতেই ধাক্কা খেয়েছে দল। প্রথম জয় পেতেই কালঘাম ছুটে গিয়েছে তাদের। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলে একাধিক বদল করা হয়। বর্তমানে শেষ ছয়ে থাকার দৌড়ে রয়েছে তারা। মহামেডান এই মরশুমে অপ্রতিরোধ্য হলেও আগামী মরশুম নিয়ে সতর্ক। দলগঠনে বাড়তি নজর দিচ্ছেন দলের কর্তারা। দেশী ও বিদেশী সম্ভাব্য সেরা ফুটবলারদের দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। সূত্রের খবর মুম্বই সিটি এফসির তারকা ফুটবলার জর্জ পেরেরা ডিয়াজকে দলে পেতে আগ্রহী সাদা কালো ব্রিগেড। 

 

আরও পড়ুন: World Cup Qualifiers: সুনীলের মাইল ফলকের ম্যাচে জয়েই চোখ ইগর স্টিমাচের দলের

ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা বিদেশীদের মধ্যে তিনি অন্যতম। ২০২১-২২ মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে ভারতীয় ফুটবলে পদার্পণ করেন। আর্জেন্টিনার ক্লাব প্ল্যাতিনিস থেকে লোনে কেরালায় যোগ দেন জর্জ পেরেরা ডিয়াজ। অভিষেক মরশুমে দক্ষিণের ক্লাবের হয়ে যথেষ্ট নজর কাড়েন। ২১ ম্যাচে ৮ গোল এসেছিল মেসির দেশের এই ফরোয়ার্ডের পা থেকে। ২০২২ সালে তাকে দলে নেয় মুম্বই সিটি এফসি। তখন থেকে সেই দলেই খেলছেন তিনি। ৩২ ম্যাচে ১৭ গোল করে ফেলেছেন ৩৩ বছরের পেরেরা। তাকে এবার দলে নিয়ে চমক দিতে চাইছে মহামেডান স্পোর্টিং।

About Post Author