স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ মার্চ: পরের মরশুমের দল গোছানোর কাজ শুরু ইস্টবেঙ্গলের (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে খেলা তারকা বিদেশীকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে লাল হলুদ শিবির। কে সেই ফুটবলার? খবর নিল সময় কলকাতা।

আরও পড়ুন: হোলির সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন ১৩ জন পুরোহিত
চলতি মরশুম শেষ হতে বাকি এখনও প্রায় এক মাস। ছয়ের মধ্যে থেকে এবারের আইএসএল শেষ করার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু এই মরশুমে প্লে-অফে খেলার আর কোনও সম্ভাবনা নেই। তাই আগামী মরশুমে দল গোছানোর কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, পঞ্জাব এফসির তারকা মিডফিল্ডার মাদহি তালালের সঙ্গে কথাবার্তা অনেকটা পাকা করে ফেলেছে তারা। ক্লাবের একটি সূত্র দাবি করেছে মরোক্কান-ফরাসি ফুটবলারের সঙ্গে ইতিমধ্যে প্রাক চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। প্রাথমিক দু’বছরের চুক্তি হয়েছে ২৬ বছরের মিডফিল্ডারের সঙ্গে। তার সঙ্গে একবছর অতিরিক্ত যোগ করা হয়েছে চুক্তিতে। অর্থাৎ সব মিলিয়ে ৩ বছরের চুক্তি করা হয়েছে তালালের সঙ্গে।

আরও পড়ুন: Kolkata Derby: মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে জিতে মধুর বদলা নিল ইস্টবেঙ্গল
এই মরশুমে পঞ্জাব এফসির হয়ে নজরকাড়া ফুটবল খেলছেন মাদহি তালাল। পঞ্জাবের দলের হয়ে মোট ১৯ টি ম্যাচ খেলেছেন এই ফরাসি ফুটবলার। মোট ৪ টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন মোট ৮ গোল। দলের মাঝমাঠকে একাই নেতৃত্ব দিয়েছেন এই কুশলী ফুটবলার। পায়ের কাজ, চাপের মুখে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা-সহ একাধিক কার্যকরী কাজ রয়েছে তার পায়ে। ফরাসি ক্লাব অ্যাঞ্জার্সের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয় তালালের। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে নিয়মিত খেলছেন। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এদুয়ার্ড ক্যামাভিঙ্গার বিরুদ্ধেও ফরাসি লিগে খেলেছেন তিনি।
এছাড়াও স্পেনের ক্লাব লস রোজাস, ফ্রান্সের রেড স্টার এফসির মত ইউরোপের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তালালের। এথেন্সের কিফিসিয়া এফসিতে খেলার পর তিনি ২০২৩ সালে যোগ দেন ভারতের ক্লাব পঞ্জাব এফসিতে। অভিষেকেই নজর কাড়েন তিনি। ইস্টবেঙ্গলের তখন থেকেই তার প্রতি নজর ছিল। সূত্রের খবর, সেই ফুটবলারের সঙ্গে চুক্তি অনেকটা পাকা করে রাখল ইস্টবেঙ্গল।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত