সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল ইডি। সূত্রের খবর, সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই এর আগে একবার মহুয়াকে নোটিস পাঠিয়েছিল ইডি। গত ১৯ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু, স্বভাবসিদ্ধ ভাবে ওইদিন হাজিরা দেননি। যদিও মহুয়া মৈত্র ইডির কাছে একসপ্তাহ সময় চেয়েছিল। কিন্তু, এসবের মধ্যেই ফের মহুয়াকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৮ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে মহুয়াকে। তবে, শুধু মহুয়া নয়, একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও তলব করেছে ইডি।
এর আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় গত শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সেইসঙ্গে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে গিয়েছিলেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। মুহূর্তের মধ্যে তাঁর বাড়ি ঘিরে ফেলেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলে গোটা বাড়িতে। সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় শনিবার সিবিআই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান। এই আবাসনের নয় তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়া মৈত্রের বাবা। সেখানেই গিয়েছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, লোকপালের নির্দেশে যে এফআইআর দায়ের করা হয়েছিল তা সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি। প্রায় চারঘণ্টা ধরে চলছে চিরুনি তল্লাশি। এর আগে গত বৃহস্পতিবারই টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লোকপালের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০(৩)এ ধারার অধীনে অভিযোগের সব দিকে তদন্ত করতে হবে সিবিআইকে এবং ছয়মাসের মধ্যে তদন্তের একটি রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া সিবিআই প্রতিমাসে তদন্তের অগ্রগতি নিয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর