স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ এপ্রিল: ইন্ডিয়ান সুপার লিগে বড় জয় ইস্টবেঙ্গলের। কেরলে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে দিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। লালহলুদের হয়ে জোড়া গোল করেন মহেশ নাওরেম সিং ও সউল ক্রেসপো। খেলার দুই অর্ধে দুটি লাল কার্ড দেখেন কেরালার দুই ফুটবলার। ম্যাচের অনেকটা সময় ন’জনে খেলতে হয় বিপক্ষকে। সেই সুযোগের সদ্ব্যবহার করেন মহেশ-সউল ক্রেসপোরা। এই জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। ফলে এখনও প্লে-অফে খেলার আশা বেঁচে রইল তাদের।

বিপক্ষের মাঠে শুরু থেকে দাপট দেখায় ইস্টবেঙ্গল। প্রথম দশ মিনিটেই গোলের খাতা খুলতে পারত তারা। কিন্তু ক্লেইটনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২৪ মিনিটে কিছুটা খেলার গতির বিপক্ষে এগিয়ে যায় স্বাগতিকরা। ইস্টবেঙ্গল রক্ষণ ও গোলরক্ষকের ভুলে গোল করে যান সারনিচ। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড বা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কেরালার জিকসন। প্রথম ধাক্কা খায় কেরালা। দ্বিতীয় ধাক্কাটি কেরালা খায় সংযুক্তি সময়ে। কেরালার গোলরক্ষক বক্সের মধ্যে বিষ্ণুকে ফাউল করলে পেনাল্ট পায় কলকাতার দল। সেখান থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ সউল ক্রেসপো। বিরতির সময় খেলার ফল ছিল ১-১।
আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, মায়াঙ্কের পেসের দাপটে বেসামাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঘরের মাঠে লড়াই চালাতে থাকে দশজনের কেরালা। ৬০ মিনিটের মাথায় দাইসুকের শট পোস্টে প্রতিহত না হলে এগিয়ে যেতে পারত তারা। ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। অমন সিংয়ের বাড়ানো পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ক্রেসপো। ম্যাচের ৭৪ মিনিটে আবার ধাক্কা খায় কেরালা। দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখে এবার মাঠ ছাড়েন নাওচা। ন’জনে হয়ে যায় কেরালা। সেই সুযোগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। গোলটি করেন মহেশ নাওরেম সিং। ম্যাচের ৮৪ মিনিটে হিজাজী মাহেরের করা আত্মঘাতী গোলে ব্যবধান কিছুটা কমে কেরালার। যদিও ৮৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন মহেশ নাওরেম সিং। ম্যাচের ফল হয় ৪-২। বাকি সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি।
The fight for 6️⃣th spot intensifies heading into Matchweek 2️⃣1️⃣! ????????#KBFCEBFC #ISL #ISL10 #LetsFootball #KeralaBlasters #EastBengalFC | @JioCinema @Sports18 @eastbengal_fc @HydFCOfficial pic.twitter.com/GxIGRisNJs
— Indian Super League (@IndSuperLeague) April 3, 2024
এই জয়ের ফলে লিগের পয়েন্ট তালিকায় অনেকটা উন্নতি করল ইস্টবেঙ্গল। এক ধাপে এগারো থেকে সাত নম্বরে উঠে এল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। প্রথম ছ’দলে টিকে থাকার লড়াইয়েও প্রবলভাবে প্রত্যাবর্তন করল ইস্টবেঙ্গল। তাদের হাতে রয়েছে আর দুটি ম্যাচ। একটি ম্যাচে খেলতে হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে। দুটি ম্যাচে জিতলে প্রথম বারের জন্য প্লে-অফে খেলার সুযোগ পাবে ময়দানের শতাব্দী প্রাচীন দল।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে